বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৩০ জুন (মঙ্গলবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
জ্বালানির দাম নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, বিক্রেতাদের হুঁশিয়ারি; দোহায় ইরানি ও মার্কিন প্রতিনিধি দল, বৈঠক নিয়ে যা জানালো তেহরান; আমি আমেরিকাবিরোধী নই, আবার নতজানুও নই: ট্রাম্প বিতর্কে মেলোনি; ইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি; যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের ট্রাম্পের নীতি খারিজ-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও খুচরা বাজারে এর প্রভাব না পড়ায় জ্বালানি বিক্রেতাদের ওপর ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবিলম্বে পেট্রোল স্টেশন ও জ্বালানি বিক্রেতাদের তেলের দাম কমানোর দাবি জানিয়েছেন তিনি। অন্যথায় বিক্রেতাদের সামনে ‘বড় বিপদ’ আসছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
দোহায় অবস্থানরত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনও ধরনের আলোচনা বা বৈঠকের পরিকল্পনা সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির আলোচক দলের মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন, ইরানি প্রতিনিধি দলের দোহা সফরের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের কাতার ভ্রমণের কোনও সম্পর্ক নেই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি যেমন আমেরিকাবিরোধী নন, তেমনি কারও কাছে ‘নতজানু’ও নন। ইতালীয় সংবাদ সংস্থা আদনক্রোনোস এই তথ্য জানিয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ের অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক কূটনীতি ও কৌশলগত বিশ্লেষকদের মধ্যে জোর বিতর্ক শুরু হয়েছে। আগামী ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও খামেনির জন্মস্থান মাশহাদে এই শেষ বিদায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব বা জন্মসূত্রে নাগরিকত্ব (বার্থরাইট সিটিজেনশিপ) সীমিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ বাতিল করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এক ঐতিহাসিক রায়ে সর্বোচ্চ আদালত পুনর্ব্যক্ত করেছে যে, মার্কিন ভূখণ্ডে জন্ম নেওয়া যেকোনও ব্যক্তিই দেশটির নাগরিক হিসেবে গণ্য হবেন।