দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৪ জুলাই (শনিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

শোকযাত্রার আগে খামেনির জানাজায় জনতার ঢল; রাষ্ট্রীয় টিভিতে প্রকাশ্যে খামেনির কফিন; যে কারণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসেই খামেনির দাফন; ‘আমেরিকা ও ইসরায়েলের ধ্বংস’ স্লোগানে শুরু খামেনির শেষ বিদায়; ‘আমরা দয়ালু, খামেনির দাফনের জন্য ইরানকে ছুটি দিয়েছি; মমতার তৃণমূলে বড় ধাক্কা: সব পদ থেকে ইস্তফা দিলেন রাজ্য সভাপতি- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

শোকযাত্রার আগে খামেনির জানাজায় জনতার ঢল

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। তেহরানের শত্রুপক্ষ, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে ইতোমধ্যে হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন। গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় খামেনি এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন। ইরানি কর্তৃপক্ষের ধারণা, কেবল তেহরানেই আগামী তিন দিনে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ১ কোটি ৫০ লাখ থেকে ২ কোটি মানুষ অংশ নেবেন।

রাষ্ট্রীয় টিভিতে প্রকাশ্যে খামেনির কফিন

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন, পাশাপাশি নিহত তার পরিবারের সদস্যদের কফিন তেহরানে জনসাধারণের শেষ শ্রদ্ধা জানানোর জন্য কাচের আবরণে প্রদর্শন করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, কাচের কফিনে রাখা হয়েছে খামেনির মরদেহ এবং তার নিহত স্বজনদের মরদেহ। তাদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হয়েছেন হাজার হাজার শোকাহত মানুষ।

যে কারণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসেই খামেনির দাফন

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সময়টি যুক্তরাষ্ট্রের ৪ জুলাইর স্বাধীনতা দিবসের সঙ্গে মিলে গেলেও, ইরানিরা মার্কিন কোনও বিষয় নিয়ে ভাবছেন না। বরং এর পেছনে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় আবেগ ও বার্তা জড়িত রয়েছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো মোহাম্মদ ইসলামি এই মন্তব্য করেছেন। মোহাম্মদ ইসলামি বলেন, দাফন অনুষ্ঠিত হচ্ছে মহররম মাসের প্রথম ১০ দিন শেষ হওয়ার পর। এই সময়টি ছিল শিয়াদের তৃতীয় ইমাম হুসাইন আলীর শাহাদাত স্মরণের পর্ব।

‘আমেরিকা ও ইসরায়েলের ধ্বংস’ স্লোগানে শুরু খামেনির শেষ বিদায়

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, হাজারো মানুষের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠান ইসলামি প্রজাতন্ত্রের প্রতিপক্ষদের উদ্দেশে শক্তির প্রদর্শনী হিসেবেও বিবেচিত হচ্ছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট-এর খবরে বলা হয়েছে, সমবেত জনতা এ সময় ‘আমেরিকা ধ্বংস হোক! ইসরায়েল ধ্বংস হোক!’ বলে স্লোগান দেয়।

‘আমরা দয়ালু, খামেনির দাফনের জন্য ইরানকে ছুটি দিয়েছি’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় যুদ্ধের শুরুর দিকে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এবার তার দাফন প্রক্রিয়া চলাকালীনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘রফা’ বা সমঝোতা করতে মরিয়া হয়ে উঠেছে। একই সঙ্গে ট্রাম্প বলেন, খামেনির দাফনকাজের জন্য ওয়াশিংটন তেহরানকে কিছুটা সময় বা ‘ছুটি’ দিয়েছে। শুক্রবার রাতে মাউন্ট রাশমোরে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া এক বক্তৃতায় ট্রাম্প এসব কথা বলেন।

মমতার তৃণমূলে বড় ধাক্কা: সব পদ থেকে ইস্তফা দিলেন রাজ্য সভাপতি

পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার (৪ জুলাই) দেওয়া এই পদত্যাগ দলটির জন্য নতুন ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হতাশাজনক ফলের পর সাংগঠনিক পুনর্গঠনের দায়িত্ব নিয়ে মাত্র এক মাস আগে তিনি এ পদে নিয়োগ পেয়েছিলেন।