বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৯ জুলাই (বৃহস্পতিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা, ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা; লন্ডন অচল করা ব্রিটিশ-বাংলাদেশি মিলিয়নার হ্যাকার কে এই তালহা; নতুন এয়ার ফোর্স ওয়ান ছেড়ে যে কারণে পুরোনো বিমানে ট্রাম্প; ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: মেলোনি; এবার কি ‘ব্যাটল অব হরমুজ’ শুরু করবেন ট্রাম্প; ইরান-মার্কিন পাল্টাপাল্টি হামলা, শান্তি আলোচনার ভবিষ্যৎ কী- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
পারস্য উপসাগরে দীর্ঘদিনের যুদ্ধ অবসান এবং ভঙ্গুর অন্তর্বর্তীকালীন চুক্তি বাঁচিয়ে রাখার শেষ চেষ্টাও নতুন করে হুমকিতে পড়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে ইরানের ওপর আবারও নতুন করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে পাল্টা জবাবে বাহরাইন, কুয়েত ও কাতারে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। দুই পক্ষের এই তুমুল লড়াইয়ের মাঝে পড়ে মধ্যপ্রাচ্যের এই তিন আরব দেশ এখন বড় ঝুঁকিতে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
যুক্তরাজ্যের ইতিহাসের অন্যতম ভয়াবহ সাইবার হামলা চালিয়ে লন্ডনের পুরো পরিবহন ব্যবস্থা (টিএফএল) ধসিয়ে দেওয়া সেই দুর্ধর্ষ মাস্টারমাইন্ড হ্যাকার একজন ব্রিটিশ-বাংলাদেশি তরুণ। ২০ বছর বয়সী এই তরুণের নাম তালহা জুবায়ের। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের একটি সাধারণ ফ্ল্যাটে বসে বিশ্বজুড়ে আলোচিত এই হ্যাকারের অপরাধলব্ধ শত শত কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি লেনদেনের তথ্য মিলেছে।
ন্যাটো সম্মেলন শেষে তুরস্ক থেকে ফেরার পথে কাতারের উপহার হিসেবে পাওয়া নতুনভাবে সংস্কার করা বোয়িং ৭৪৭-৮০০ বিমান ব্যবহার না করে পুরোনো এয়ার ফোর্স ওয়ানে ভ্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ মুহূর্তের এই সিদ্ধান্ত ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে প্রেসিডেন্টের বিমানের নিরাপত্তা সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
ইরানের বিরুদ্ধে কোনও সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে থাকায় বুধবার এ অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেলোনি বলেন, সংঘাত শুরুর পর থেকেই ইতালি এ বিষয়ে একটি স্পষ্ট অবস্থান ধরে রেখেছে।
ইরানের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতির চুক্তি ভেস্তে যাওয়ার পর হোয়াইট হাউস এখন হরমুজ প্রণালি ঘিরে এক দীর্ঘমেয়াদি সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, এই নতুন সামরিক অভিযানের মেয়াদ ও তীব্রতা কতখানি হবে, তা সম্পূর্ণ নির্ভর করছে তেহরানের পরবর্তী পদক্ষেপের ওপর।
ভেস্তে যাওয়ার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর শান্তি আলোচনা। বুধবার প্রথম দিনের পর দ্বিতীয় দফায় ইরানের ওপর আরও বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বৃহস্পতিবার ভোরে ইরানের রাজধানী তেহরানের বেশ কয়েকটি এলাকায় এ হামলা চালানো হয়। এর মাত্র কয়েক ঘণ্টা আগে, বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে আঘাত হেনেছিল মার্কিন বাহিনী।