বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১০ আগস্ট (সোমবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
‘ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে, তবে যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ খুলবে না ইরান’; চীনে ভয়াবহ ঘূর্ণিঝড় ডলফিনের আঘাত, ঘরছাড়া ১০ লাখ মানুষ; রাশিয়ার তাতারস্তানে ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত ১৩; সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের; এবার শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঝাড়খণ্ড: টিয়ারশেল-লাঠিচার্জ; গাজাকে ‘প্রজন্মের পর প্রজন্ম ধ্বংসস্তূপ’ বানিয়ে রাখার পক্ষে সাবেক ইসরায়েলি জেনারেল- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
হরমুজ প্রণালি দিয়ে নতুন নৌপথ নির্ধারণে ওমানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তির কাছাকাছি পৌঁছেছে ইরান। তবে কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলে দেওয়ার আগে ক্ষতিপূরণ প্রদান, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সামরিক হুমকি বন্ধসহ আরও কিছু শর্ত যুক্তরাষ্ট্রকে পূরণ করতে হবে বলে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে।
চীনে ভয়াবহ ঘূর্ণিঝড় ডলফিন আঘাত হেনেছে। রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় চীনের পূর্বাঞ্চলে আঘাত হানার পর সাংহাইসহ অঞ্চলটির বিভিন্ন এলাকা থেকে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রে ইউক্রেনের একটি ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত এবং আরও ৭৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। ইউক্রেনে মস্কোর সর্বাত্মক যুদ্ধ শুরুর পর রাশিয়ার অভ্যন্তরে এটি অন্যতম প্রাণঘাতী একক হামলা। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
চীনের বোহাই সাগরে অবস্থিত দেশটির বিশাল গ্যাসক্ষেত্র পোচং ১৯-৬-এর প্রথম ধাপ পুরোপুরি চালু হয়েছে। চায়না ন্যাশনাল অফশোর অয়েল করপোরেশন জানিয়েছে, এই প্রকল্প থেকে বর্তমানে প্রতিদিন ৫ হাজার ২০০ টনেরও বেশি তেল ও গ্যাস উত্তোলন হচ্ছে।
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে সরকারি নিয়োগ পরীক্ষার সংস্কারের দাবিতে আন্দোলনরত হাজার হাজার শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের ওপর টিয়ার শেল, জলকামান ও লাঠিচার্জ করেছে পুলিশ। সোমবার রাজ্য বিধানসভা অভিমুখে যাত্রাকালে পুলিশি ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
ইসরায়েলের নির্বিচার হামলার পর ফিলিস্তিনিদের চরম হতাশা ও ধ্বংসলীলাকে কাঙ্ক্ষিত হিসেবে উল্লেখ করে গাজাকে আগামী কয়েক দশক ধ্বংসস্তূপ করে রাখার আহ্বান জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান গিয়োরা এল্যান্ড। রবিবার ইসরায়েলের ১০৩এফএম রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে অবসরপ্রাপ্ত মেজার জেনারেল গিয়োরা এল্যান্ড বলেন, গাজার পুনর্নির্মাণ ইসরায়েলের স্বার্থবিরোধী।