দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৬ সেপ্টেম্বর (রবিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

রণতরিতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র; কুশনার-উইটকফকে পুতিন বললেন ‘পরিস্থিতি সহজ নয়’; অপরাধ নিয়ে অনুষ্ঠান করতেন, সেই টিভি উপস্থাপিকারই মৃত্যুদণ্ড; ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ; ইরানে ব্রেক ফেল করে ট্যাংকার বিস্ফোরণ, প্রাণ গেল ১১ জনের; থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন; ‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুনবে যুক্তরাষ্ট্র’; ইরানি সাইবার কমান্ডার আমির ইয়ারইয়াব সম্পর্কে যা জানা গেলো; যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কর্তৃক দুটি মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা বিধ্বংসী আক্রমণ চালিয়েছে যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ খাড়গ দ্বীপের কাছে এবং ওমান উপসাগরে ইরানের তিনটি তেল ট্যাংকার বিমান হামলা চালিয়ে অকেজো ও ধ্বংস করে দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। খবর বিবিসি। 

ইউক্রেন যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের কূটনৈতিক তৎপরতা জোরদারের অংশ হিসেবে ক্রেমলিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (৫ সেপ্টেম্বর) ক্রেমলিনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। 

মাদক উৎপাদন ও পাচারের অভিযোগে মিশরের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারা খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন সেদেশের একটি আদালত। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। 

প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরি থেকে নির্গত ভলকানিক ছাই আকাশপথে ছড়িয়ে পড়ার পর জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া। রবিবার (৬ সেপ্টেম্বর) নেওয়া এই সিদ্ধান্তের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার বিমানযাত্রী। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর সানান্দাজের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তেলবাহী ট্যাংকার বিস্ফোরিত হয়ে অন্তত ১১ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর নিশ্চিত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, রাজধানী তেহরান থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে কুর্দি অধ্যুষিত সানান্দাজ শহরের কাছে একটি ট্রাফিক পুলিশ স্টেশনের সামনে নিয়ন্ত্রণে হারিয়ে কয়েকটি গাড়িকে আঘাত করে ট্যাংকারটি। সংঘর্ষের পরপরই গাড়িটিতে বিকট শব্দে আগুন ধরে যায়। প্রাথমিক তদন্তে ব্রেক বিকল হওয়াকে দুর্ঘটনার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পাঁচ দিনের বন্দর সফর শেষে থাইল্যান্ড ছেড়েছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন। মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময়ের সামরিক মোতায়েনের পর সাময়িক বিরতি হিসেবে থাইল্যান্ডে অবস্থান করেছিল রণতরিটি। রবিবার (৬ সেপ্টেম্বর) মার্কিন নৌবাহিনী এ তথ্য জানিয়েছে।

সামরিক শক্তি এবং নৌবহর দেখিয়ে ইরানকে নতজানু করার মার্কিন পরিকল্পনা বাস্তবতার চেয়ে অনেক দূরে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রিভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি। রবিবার (৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অংশ হিসেবে তেহরানের সাইবার নেটওয়ার্ক ভেঙে দিতে তৎপরতা বাড়িয়েছে ওয়াশিংটন। এই প্রক্রিয়ায় ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) জ্যেষ্ঠ কর্মকর্তা আমির ইয়ারইয়াবের তথ্য দেওয়ার বিনিময়ে ১ কোটি ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাশিয়ার সঙ্গে চার বছরের বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে কর রাজস্ব বাড়াতে অনলাইন পর্নোগ্রাফি ও প্রাপ্তবয়স্কদের কনটেন্ট তৈরি বৈধ করার উদ্যোগ নিয়েছে ইউক্রেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পর্নোগ্রাফি তৈরি ও সংশ্লিষ্ট কার্যক্রমে অপরাধমূলক শাস্তি শিথিল করতে দেশটির সংসদে একটি বিল নিয়ে আলোচনা চলছে।