বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি-সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
ইরানকে ক্ষুব্ধ না করে হুথিদের মোকাবিলা কি করতে পারবে সৌদি আরব?; চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ২৫; মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প; ব্রিকস সম্মেলনে পুতিন, শি ও পেজেশকিয়ানের জন্য নিশ্ছিদ্র ব্যবস্থা, থাকবে ৩০ হাজার নিরাপত্তাকর্মী; শি জিনপিংয়ের সফরে চীন-ভারত সম্পর্কে বরফ গলবে?; মক্কা প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণ বিবেচনায় নেই: পাকিস্তান; নির্বাচনের আগে ওবামাকেয়ার গ্রাহকদের ৫০০ ডলার করে ফেরত দেবেন ট্রাম্প; মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে চীনের কাছ থেকে অস্ত্র ও পণ্য কিনছে ইরান; ব্রিকসের প্রথম দিনেই বৈঠকে বসছেন মোদি-শি-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সবচেয়ে বড় হামলার মুখোমুখি হয়ে সৌদি আরব কৌশলগতভাবে গোষ্ঠীটির ওপর প্রতিরোধ বজায় রাখার এক নতুন পথ অবলম্বন করেছে। বাব আল-মান্দেব প্রণালিতে নিজেদের জ্বালানি রফতানি নির্বিঘ্ন রাখতে এবং একই সঙ্গে ইরানের সঙ্গে সরাসরি সংঘাত এড়াতে সৌদি আরব কূটনীতি ও প্রতিরোধের মিশ্র কৌশল নীতি গ্রহণ করেছে।
পূর্ব চীনের একটি বন্দরে বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে আগুন লেগে ২৫ জন নিহত হয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি ও ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
টেক্সাসের ডালাসে যাওয়ার উদ্দেশে এয়ার ফোর্স ওয়ান-এ ওঠার আগে বুধবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমাদের মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরপরই ইরান যুদ্ধ শেষ হবে। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রে নিজেদের অনুকূলে রাজনৈতিক পরিবেশ তৈরি করার উদ্দেশ্যেই ইরান সরকার যুদ্ধ ঝুলিয়ে রাখছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ব্রিকস সম্মেলনকে ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সফর সামনে রেখে প্রায় ৩০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করেছে দিল্লি পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছ।
চলতি সপ্তাহে ভারত সফর করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গত সাত বছরের মধ্যে এটিই তার প্রথম ভারত সফর। এই সফরের মাধ্যমে দুই প্রতিবেশী দেশের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে। তবে তাদের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন ঘটবে, এমন ইঙ্গিত এখনও কম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রকৃতি ‘প্রতিরক্ষামূলক’ বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় (এফও)। একই সঙ্গে জোটটি সম্প্রসারণের বিষয়টি আপাতত বিবেচনায় নেই বলেও জানিয়েছে তারা। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
ওবামাকেয়ার বা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের (এসিএ) আওতায় অতিরিক্ত ফি পরিশোধ করা প্রায় ১০ লাখ মানুষকে ৫০০ ডলার করে রিবেট চেক দেওয়ার পরিকল্পনা করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আগামী ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনের আগে ৩০টি অঙ্গরাজ্যের যোগ্য প্রাপকদের কাছে সরাসরি এই অর্থ পাঠানো হবে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে তেল বিক্রির অর্থে চীনের কাছ থেকে সামরিক সরঞ্জামসহ কোটি কোটি ডলারের পণ্য কিনছে ইরান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া দুটি উচ্চপদস্থ ইরানি সূত্রসহ সংশ্লিষ্ট পাঁচ ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনের ফাঁকে এ বৈঠক হবে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস।