বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি-সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১২ সেপ্টেম্বর (শনিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
ইরানের ওপর মার্কিন চাপ ‘বিপজ্জনক পর্যায়ে’: পেজেশকিয়ান; ইরাক-ইরান সীমান্ত বন্ধ করলো বাগদাদ; মহড়ার জবাবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, যুক্তরাষ্ট্র বলছে ‘তাৎক্ষণিক হুমকি নয়’; ভারতের আপত্তিতে বছরের পর বছর ব্রিকসের বাইরে পাকিস্তান ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া; মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেও ঐক্যবদ্ধ ব্রিকস, যৌথ ঘোষণাপত্রে ঐকমত্য; মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসকে ভূমিকা পালনের আহ্বান চীনের; ব্রিকসকে বৈশ্বিক শাসনব্যবস্থা সংস্কারে ১০ প্রস্তাব তৈরির আহ্বান মোদির; ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘সংকটজনক ও বিপজ্জনক’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার ভারতে ব্রিকস সম্মেলনের আগে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বিশ্ব বর্তমানে ‘নজিরবিহীন জটিলতার’ মধ্য দিয়ে যাচ্ছে। অর্থনৈতিক চাপের হাতিয়ার ব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলেও মন্তব্য করেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনার পর সতর্কতা হিসেবে ইরান ও ইরাকের মধ্যকার শালামচেহ সীমান্ত ক্রসিং বন্ধের নির্দেশ দিয়েছে বাগদাদ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ সামুদ্রিক সামরিক মহড়া শেষ হওয়ার একদিনের মাথায় জাপান সাগরের দিকে একটি অজ্ঞাত প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। শনিবার (১২ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
উন্নয়নশীল অর্থনীতির জোট ব্রিকসে যোগ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। তবে জোটের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের নিয়মের কারণে ভারতের বিরোধিতায় ইসলামাবাদের সদস্য পাওয়ার প্রচেষ্টা বর্তমানে আটকে রয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগার কাছে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
মধ্যপ্রাচ্যের তীব্র সংঘাত ও ভূরাজনৈতিক মতপার্থক্য পাশ কাটিয়ে যৌথ ঘোষণাপত্রে ঐকমত্যে পৌঁছেছে উদীয়মান অর্থনীতির জোট ব্রিকস। শনিবার নয়াদিল্লিতে শুরু হওয়া শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই এই কূটনৈতিক সাফল্যের কথা জানা গেছে। বৈশ্বিক পরিমণ্ডলে জোটের প্রভাব বাড়াতে একে একটি বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের করাত দিয়ে এ খবর জানিয়েছে আল-মনিটর।
নয়াদিল্লিতে চলমান ব্রিকস শীর্ষ সম্মেলনে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে জোটভুক্ত দেশগুলোকে শান্তি প্রতিষ্ঠাতার ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার ব্রিকসের পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি এই আহ্বান জানান। চীনা সংবাদমাধ্যম সিসিটিভি বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।
ব্রিকস সম্মেলনের উদ্বোধন করে বৈশ্বিক শাসনব্যবস্থা সংস্কারে ১০টি প্রস্তাব তৈরির আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
দীর্ঘ চার বছর তুলনামূলক শান্ত থাকার পর ইয়েমেনে হুথি বিদ্রোহী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যকার লড়াই হঠাৎ তীব্র আকার ধারণ করায় চরম মানবিক সংকটের মুখে পড়েছে সাধারণ মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।