দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৬ নভেম্বর (শুক্রবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

‘উদীয়মান’ মহাকাশ শক্তি হয়ে উঠছে ইরান, মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে স্বীকারোক্তি; মক্কা প্যাক্ট অনুমোদন দিলো তুর্কি পার্লামেন্ট; ইরানকে ধ্বংসের হুমকি দিয়ে ট্রাম্প বললেন, ‘শিগগিরই জানতে পারবেন’; পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী; মার্কিন চাপে ইরান হয়ে তুর্কমেনিস্তানের গ্যাস আমদানি বন্ধ করলো তুরস্ক; ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র লঞ্চার দিচ্ছে রাশিয়া, ব্যবহার করা যাবে হেলিকপ্টার থেকে- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

ইরানের গুরুত্বপূর্ণ মহাকাশ-সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে মার্কিন হামলা সত্ত্বেও দেশটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম একটি ‘উদীয়মান’ মহাকাশ শক্তি হয়ে উঠছে বলে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) এক প্রতিবেদনে জানিয়েছে পেন্টাগন। ডিআইএ-র প্রতিবেদনে বলা হয়, অপারেশন এপিক ফিউরি-র সময় ইরান তাদের ভূমি-ভিত্তিক জ্যামিং ব্যবস্থার মাধ্যমে স্যাটেলাইটভিত্তিক জিপিএস সংকেত ব্যাহত করে যুক্তরাষ্ট্রের মহাকাশ সক্ষমতার বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ নিয়েছিল।

তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যকার ত্রিপক্ষীয় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বা মক্কা প্যাক্ট সম্পর্কিত বিল অনুমোদন করেছে তুরস্কের পার্লামেন্ট। বৃহস্পতিবার গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির সাধারণ অধিবেশনে দীর্ঘ আলোচনার পর বিলটি পাস হয়, যার মাধ্যমে তিন দেশের মধ্যে কৌশলগত নিরাপত্তা চুক্তি কার্যকরের পথ সুগম হলো। অধিবেশন চলাকালে তুরস্কের সরকারি দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) আইনপ্রণেতা জিয়া আলতুনিয়েলদিজ জানান, এই চুক্তির মূল লক্ষ্য অঞ্চলের নিরাপত্তা সহযোগিতা বাড়ানো। তিনি জোর দিয়ে বলেন, এতে কোনও তৃতীয় দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কোনও উপাদান নেই এবং সংঘাত উসকে দেওয়ার বদলে তা রোধ করাই এর মূল উদ্দেশ্য।

ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সবাই শিগগিরই জানতে পারবে। বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, এখন আমরা সিদ্ধান্ত নেব: আমরা কি আরও সামনে এগোতে চাই এবং শুধু এটি নিশ্চিত করতে চাই যে এই ঘটনা আর কখনোই ঘটবে না?

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছেড়ে যাওয়ার খবর এবং মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর পদত্যাগের পরিকল্পনা করার গুঞ্জন সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন। দ্য নিউ ইয়র্ক টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মেয়াদের শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের হয়ে কাজ করাই তার সবসময় পরিকল্পনা ছিল।

যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরান হয়ে তুর্কমেনিস্তান থেকে গ্যাস আমদানি বন্ধ করতে বাধ্য হয়েছে তুরস্ক। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক ব্রিফিংয়ে দেশটির জ্বালানিমন্ত্রী আলপারসলান বায়রাকতার এ তথ্য জানিয়েছেন। ২০২৫ সালের মার্চে ইরানি অবকাঠামো ব্যবহার করে বার্ষিক ১৩০ কোটি ঘনমিটার গ্যাস সরবরাহের চুক্তি অনুযায়ী তুরস্ক গ্যাস গ্রহণ শুরু করে। তবে মার্কিন বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দফতরের (ওএফএসি) হস্তক্ষেপ এবং মার্কিন-ইরান যুদ্ধের কারণে এটি বন্ধ হয়ে যায়।

ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই সামরিক সহযোগিতা বৃদ্ধির ইঙ্গিত দিয়ে ইরানকে ৯০টি হেলিকপ্টারে ব্যবহারের উপযোগী সুনির্দিষ্ট লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রের লঞ্চার সরবরাহে সম্মত হয়েছে রাশিয়া। একটি রুশ প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের রফতানি চুক্তির গোপন নথির বরাত দিয়ে বৃহস্পতিবার ফাইন্যান্সিয়াল টাইমস এ তথ্য জানিয়েছে।