দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি-সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২১ নভেম্বর (শুক্রবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

আইসিজের রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের ভোগান্তির স্বীকৃতি: এইচআরডব্লিউ; ওড়িশায় আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’; হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত রিয়াদের সবচেয়ে উঁচু ভবন; ভোটার তালিকা সংশোধনের নামে মুসলিমদের বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন; আন্তর্জাতিক আদালতের রায়ের প্রতিক্রিয়ায় যা বললো মিয়ানমার; হাইতিতে পুলিশি অভিযানে নিহত ৩৪; বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলির বিষয়ে কোনও মন্তব্য নেই ভারতের-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে তাদের দীর্ঘদিনের ভোগান্তির স্বীকৃতি হিসেবে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি বলেছে, এ রায় গণহত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের শিকার মানুষের ন্যায়বিচার পাওয়ার লড়াইয়ে গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।

ভারতের ওড়িশা উপকূলে আছড়ে পড়তে শুরু করেছে ঘূর্ণিঝড় আকভান। শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের সবচেয়ে উঁচু ভবন পিআইএফ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার হামলায় ভবনটির কয়েকটি তলার জানালা ও বাইরের আবরণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের কয়েকটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

ভারতে ভোটার তালিকা সংশোধনের নামে ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন বা ইউএসসিআইআরএফ। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ভোটার তালিকা থেকে কোটি কোটি নাম বাদ দেওয়ার প্রক্রিয়ায় মুসলিমদের ওপর অসম প্রভাব পড়েছে। একই সঙ্গে তাদের ‘বিদেশি’ আখ্যা দিয়ে অবৈধভাবে দেশ থেকে বিতাড়নের ঘটনাও ঘটছে।

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে ‘ন্যায্য নয়’ বলে মন্তব্য করেছে দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র। বৃহস্পতিবার ১৫ বিচারকের মধ্যে ৯-৬ ভোটে দেওয়া রায়ে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর নৃশংসতার প্রমাণ তুলে ধরে আদালত।

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের দক্ষিণাঞ্চলে পুলিশের অভিযানে অন্তত ৩৪ জন সন্দেহভাজন গ্যাং সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সশস্ত্র গ্যাংগুলোর বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানোর পর এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ ‘সীমান্তের ওপারের’ প্রভুদের নির্দেশে পরিচালিত হচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন অভিযোগ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। শুক্রবার (২০ নভেম্বর) দেশটি প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চাওয়ার দীর্ঘদিনের অবস্থানের পুনরাবৃত্তি করেছে।