বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২৯ নভেম্বর (রবিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
আইজেনকোটের সঙ্গে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব নেতানিয়াহুর; মার্কিন বাহিনীর ওপর হামলায় মাস্কের স্টারলিংক ব্যবহার ইরানের; সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র আলবেনিয়া, পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ; শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন; সৌদি আরবে কেন সেনা মোতায়েন করছে পাকিস্তান?; ‘মোহাম্মদ’ নাম অপছন্দ হওয়ায় ভারতীয় যাত্রীর হামলায় আহত উবার চালকের মৃত্যু; হুথিরা আলোচনায় বসলে ‘আগামীকালই’ ইয়েমেন যুদ্ধ শেষ হতে পারে: সৌদি জোট- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক সমীকরণে নাটকীয় মোড় এসেছে। ঐক্য সরকার গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বড় ধরনের ছাড় দিয়ে বিরোধী নেতা ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোটকে প্রথমে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছেন। এর বিনিময়ে মেয়াদের শুরুতে বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে সম্মতি জানিয়েছেন তিনি। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের অভিযানে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহারের তথ্য উঠে এসেছে। এ বিষয়ে জানতে পেরেছিলেন স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। যুদ্ধ শুরুর পর মার্চের প্রথম সপ্তাহেই তিনি বিষয়টি জানতে পারেন।
আলবেনিয়ায় আবারও সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে শিক্ষার্থী ও বিরোধী রাজনৈতিক নেতাদের আহ্বানে শনিবার রাজধানী তিরানায় আয়োজিত বিক্ষোভে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। অন্যদিকে বিক্ষোভকারীরা পাথর ও পেট্রলবোমা ছুড়ে সড়কের ক্যামেরা এবং সরকারি ভবনের জানালা ভাঙার চেষ্টা করেন। এ ঘটনায় পুলিশ সদস্য ও সাংবাদিকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থলবন্দর বা সীমান্ত চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের বিষয়টি বিবেচনা করছেন। ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সীমান্তের কয়েকটি প্রবেশপথ ঘুরে দেখেছেন বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। সম্ভাব্য পথগুলোর মধ্যে রয়েছে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত। প্রসঙ্গত পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় অবস্থিত পেট্রাপোল দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দরভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য ও সীমান্ত পারাপারের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি। অন্যদিকে বেনাপোল বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর।
উদ্ভূত নিরাপত্তা উদ্বেগের মধ্যে সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে দেশটিতে সেনা মোতায়েন করছে পাকিস্তান। শনিবার সেনা সদস্যদের বিদায় জানানোর একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস শহরতলিতে ‘মোহাম্মদ’ নাম অপছন্দ হওয়ায় ভারতীয় বংশোদ্ভূত এক যাত্রীর হামলার শিকার সোমালি-আমেরিকান উবার চালক মারা গেছেন। শনিবার সকালে হেনেপিন কাউন্টি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ৫১ বছর বয়সী মোহাম্মদ ইউসুফের মৃত্যু হয় বলে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা জাতিসংঘ-সমর্থিত শান্তি পরিকল্পনায় সম্মত হলে ‘আগামীকালই’ ইয়েমেন যুদ্ধ শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি। তবে তাদের আলোচনার টেবিলে আনতে প্রয়োজন অনুযায়ী সামরিক চাপ অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।