কর্মীদের অপমান থেকে ক্ষমতার দাপট, যেমন ছিল এনভিডিয়ায় জেনসেনর রাজত্ব

কঠোর ব্যবস্থাপনা শৈলীর জন্য পরিচিত এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। তবে সম্প্রতি তার ব্যক্তিগত সম্পর্ক ও কর্মীদের সঙ্গে আচরণ নিয়ে প্রকাশিত তথ্যে উঠে এসেছে তার নেতৃত্বের ভিন্ন চিত্র। কেউ তাকে কর্মীদের প্রতি যত্নশীল নেতা হিসেবে দেখেন, আবার কারও কাছে তিনি কঠিন ও অপমানজনক আচরণ করা একজন বস।

ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়ায় হুয়াংয়ের পরিবারের সদস্যদেরও যথেষ্ট প্রভাব ছিল। তার স্ত্রী লরি, দুই সন্তান ম্যাডিসন ও স্পেন্সার এবং মেয়ের স্বামী নিকো ক্যাপ্রেজও প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত। কয়েকজন কর্মীর ভাষায়, প্রতিষ্ঠানের ভেতরে হুয়াং ও তার সন্তানদের ‘রাজপরিবারের’ মতো বিবেচনা করা হতো।

৩৫ বছর বয়সী ম্যাডিসনকে কর্মীদের প্রতি কঠোর আচরণকারী হিসেবে বর্ণনা করেছেন কয়েকজন। তাদের অভিযোগ, যাদের মুখে কোনও অভিব্যক্তি থাকত না, তাদের ‘ডেড ফেস’ এবং যারা কোনও বিষয় মনে রাখতে পারতেন না, তাদের ‘গোল্ডফিশ’ বলে ডাকতেন তিনি। তবে তার সহকর্মীদের কেউ কেউ বলেছেন, কাজ দ্রুত এগিয়ে নিতে এবং উচ্চমান বজায় রাখতে তিনি কঠোর ছিলেন।

চলতি বছরের শুরুতে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে ম্যাডিসন এনভিডিয়াকে পারিবারিক ব্যবসা হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, প্রতিষ্ঠানের কর্মীরা সবাই একটি বড় পরিবারের সদস্য।

জেনসেন হুয়াংয়ের ব্যবস্থাপনা শৈলী নিয়েও কর্মীদের অভিজ্ঞতা ছিল ভিন্ন। কেউ বলেছেন, তিনি বন্ধুত্বপূর্ণ এবং কাজের প্রশংসা করতেন। আবার সভায় কর্মীদের প্রশ্ন বা ধারণা পছন্দ না হলে সেগুলোকে ‘বোকামি’ বলেও সমালোচনা করতেন।

সাবেক জ্যেষ্ঠ নির্বাহী রব চংগর ২০২০ সালে অবসরে যান। তার মতে, এনভিডিয়ার সাফল্যের অন্যতম কারণ ছিল বুদ্ধিবৃত্তিক সততা। তবে এক নির্বাহী জানিয়েছেন, ডেটা সেন্টার প্রকল্পে বিলম্ব নিয়ে এক সভায় হুয়াং প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন। তার ভাষায়, হুয়াং যেভাবে প্রতিক্রিয়া দেখাতেন, তা ছিল অত্যন্ত কষ্টদায়ক। প্রতিষ্ঠানের স্বার্থকে তিনি যেকোনও ব্যক্তির ঊর্ধ্বে রাখতেন।

কর্মীদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের বাইরেও সময় কাটাতেন হুয়াং। নিজের বাড়িতে নৈশভোজ, বিভিন্ন শিল্প খাতের অনুষ্ঠান এবং শিক্ষানবিশদের জন্য গ্রীষ্মকালীন পার্টির আয়োজন করতেন। অতিথিদের ওয়াইন বা হুইস্কি নিজেই পরিবেশন করতেন বলে জানিয়েছেন কর্মীরা। ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় এনভিডিয়ার সদর দফতরে কর্মীদের অবসরে পানীয় পানের জন্য ‘শ্যননস’ নামে একটি বারও ছিল।