জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কূটনীতিক লানা নুসেইবেহের প্রার্থিতার বিরুদ্ধে কার্যত ভেটো দিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। সুদানের সংঘাতে নৃশংসতার সঙ্গে আমিরাতের কথিত সংশ্লিষ্টতার কারণে তার প্রার্থিতা নিয়ে আপত্তি জানিয়েছে দেশ দুটি বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নবম অনানুষ্ঠানিক ভোটেও নতুন মহাসচিব নির্বাচন নিয়ে অচলাবস্থা কাটেনি। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে ১০০ দিনেরও বেশি সময় ধরে ভোট চলছে। জাতিসংঘের ইতিহাসে এটিই দীর্ঘতম নির্বাচনপ্রক্রিয়া। গুতেরেসের দ্বিতীয় মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। আগামী সপ্তাহে আবার ভোট হওয়ার কথা রয়েছে।
সর্বশেষ ভোটে এগিয়ে রয়েছেন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান। তিনি ১০টি সমর্থনসূচক ভোট পেয়েছেন। তবে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের (পি৫) কারও বিরোধিতা না থাকাও বাধ্যতামূলক। গ্রিনস্প্যানের বিরুদ্ধে স্থায়ী সদস্যদের মধ্যে দুটি ভোট পড়েছে। এই বিরোধিতা কাটাতে পারলে জাতিসংঘের প্রথম নারী মহাসচিব হবেন তিনি। তার বিরোধিতাকারী দেশ দুটি যুক্তরাষ্ট্র ও রাশিয়া বলে ধারণা করা হচ্ছে।
ভোটে দ্বিতীয় অবস্থানে ছিলেন আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি। তিনি আটটি সমর্থনসূচক ভোট পেয়েছেন। স্থায়ী সদস্যদের মধ্যে তিনটি ভোট ছিল তার বিরুদ্ধে।
দেরিতে প্রার্থিতার দৌড়ে যোগ দেওয়া নুসেইবেহ পেয়েছেন সাতটি সমর্থনসূচক ভোট। তবে স্থায়ী সদস্যদের মধ্যে তিনটি ভোট পড়েছে তার বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া প্রকাশ্যে তার প্রতি সমর্থন জানানোয় একাধিক সূত্রের ধারণা, যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন তার প্রার্থিতার বিরোধিতা করেছে।