উপস্থাপিকা রাবিয়ার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, আটক স্বামী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবন থেকে রাবিয়া আহসান নামের এক উপস্থাপিকার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ তার স্বামী আহসানকে হেফাজতে নিয়েছে এবং একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে।

রবিবার আদিয়ালা রোডের নিজ বাসার বেডরুম থেকে রাবিয়ার মরদেহ উদ্ধার করা হয়। রাওয়ালপিন্ডির সিটি পুলিশ অফিসার (সিপিও) হাসান মুশতাক সুখেরা সাংবাদিকদের জানান, নিহতের গলার ঠিক নিচের দিকে গুলির ক্ষতচিহ্ন পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে এবং পাঞ্জাব ফরেনসিক সায়েন্স এজেন্সির দলগুলো ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। সিপিও সুখেরা নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।

পুলিশ সূত্র ও স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনার সময় বাসায় রাবিয়ার মা ও বোনেরা উপস্থিত ছিলেন। তাদের দুটি কন্যাসন্তান রয়েছে এবং দম্পতির মধ্যে বড় কোনও বৈবাহিক বিরোধের কথা জানা যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী দাবি করেছেন যে অসাবধানতাবশত অস্ত্র থেকে গুলি বের হয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এদিকে সাংবাদিক রাবিয়া আহসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফার্স্ট লেডি আসিফা ভুট্টু-জারদারি। রাষ্ট্রপতির কার্যালয় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ঘটনার একটি পুঙ্খানুপুঙ্খ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়েছে, যাতে প্রকৃত সত্য উদ্ঘাটিত হয় এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করা যায়।

প্রসঙ্গত, রাবিয়া আহসান পাকিস্তানের প্রখ্যাত বেসরকারি উর্দু ভাষার নিউজ চ্যানেল ‘৯২ নিউজ’-এ উপস্থাপিকা হিসেবে কাজ করতেন। এছাড়া তিনি ওভারসিজ পাকিস্তানিস ফাউন্ডেশনে গ্রেড-১৮ এর সরকারি কর্মকর্তা হিসেবেও কর্মরত ছিলেন।

সূত্র: উইয়ন নিউজ