মঞ্চে মুসলিম কৃষকের দেওয়া বোতল থেকে দুধ পান করলেন আসামের মুখ্যমন্ত্রী

আসামের নগাঁওয়ের সামাগুরিতে শনিবার এক বিজয় উদ্‌যাপনের মঞ্চে এক মুসলিম দুগ্ধচাষির দেওয়া প্লাস্টিকের বোতল থেকে দুধ পান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওই কৃষকের নাম মো. সোহরাব আলী বলে উল্লেখ করেছেন হিমন্ত। ওই কৃষক নিজের খামারে উৎপাদিত দুধ মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন। মুখ্যমন্ত্রী তা গ্রহণ করে উপস্থিত জনতার সামনেই বোতল থেকে কিছুটা দুধ পান করেন।

দুধ পানের আগে মুখ্যমন্ত্রী ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, এটি গরু নাকি মহিষের দুধ? জবাবে ওই ব্যক্তি বলেন, ‘গরুর’। এরপর মুখ্যমন্ত্রী ঘোষণা দেন যে সোহরাব তার জন্য দুধ এনেছেন। এরপর তিনি সরাসরি বোতল থেকে কিছুটা দুধ পান করেন, যার কিছুটা তার চিবুক বেয়ে গড়িয়ে পড়তে দেখা যায়।

এক্সে দেওয়া পোস্টে হিমন্ত এই উপহারকে ‘নগাঁওয়ের সুস্বাদু’ হিসেবে উল্লেখ করে লিখেছেন, ‘এক চুমুক না খেয়ে থাকাটা ছিল মুশকিল।

তিনি আরও লিখেছেনন, ‘মো. সোহরাব আলী নামের একজন দুগ্ধচাষি আমাকে তার খামারের গরুর দুধ উপহার দিয়েছেন এবং এক চুমুক না খেয়ে থাকাটা ছিল মুশকিল। আসামজুড়ে আমরা সব দুগ্ধচাষিকে তাদের ব্যবসা লাভজনকভাবে পরিচালনা করতে এবং প্রতিদিন ১০ লাখ লিটার দুধ উৎপাদনের লক্ষ্য অর্জনে সহায়তা করছি।’

নগাঁও লোকসভা উপনির্বাচনে এনডিএ প্রার্থী দেবাশীষ শর্মা বিজয়ী হলে নিজে এসে এলাকার মানুষের সঙ্গে উদ্‌যাপন করবেন, প্রচারণার সময় এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন হিমন্ত। বিপুল মুসলিম ভোটার থাকা এই আসনে বিজেপির জয় দলটির জন্য বড় এক অর্জন। মুখ্যমন্ত্রী এ সময় দুগ্ধ খাত নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

সূত্র: এনডিটিভি