‘বিয়ের পর স্ত্রীর উচ্চশিক্ষা বা চাকরি স্বামীর কোনও অনুগ্রহ নয়’

বিয়ের পর স্ত্রীর উচ্চশিক্ষা অর্জন বা চাকরি করাকে স্বামীর কোনও ‘অনুগ্রহ’ হিসেবে গণ্য করা যায় না বলে মন্তব্য করেছেন ভারতের ঝাড়খণ্ড হাইকোর্ট। একই সঙ্গে পারিবারিক আদালতের লিঙ্গভিত্তিক দৃষ্টিভঙ্গির কঠোর সমালোচনা করে এক নারীর করা বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর করেছেন আদালত। নিষ্ঠুরতার অভিযোগে এ রায় দেওয়া হয়।

গত ৫ নভেম্বর প্রধান বিচারপতি এম এস সোনাক ও বিচারপতি মনোজ প্রসাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই রায় দেন। এর আগে ২০১৯ সালের মার্চে জামশেদপুরের পারিবারিক আদালতের প্রধান বিচারপতির রায়কে চ্যালেঞ্জ করে এই আপিল করেছিলেন ওই নারী।

২০০৪ সালে জামশেদপুরে তাদের বিয়ে হয় এবং ২০০৭ সালে এক কন্যাসন্তানের জন্ম হয়। পরে শারীরিক ও মানসিক নির্যাতন এবং যৌতুক দাবির অভিযোগে ২০১৫ সালে হিন্দু বিবাহ আইনের ১৩(১)(আই-এ) ধারায় বিবাহবিচ্ছেদ চেয়ে আবেদন করেন ওই নারী। তার অভিযোগ ছিল, মধ্যপ্রাচ্যের একটি দেশে ক্যারিয়ার গড়ার জন্য স্বামী তার কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেছিলেন। তা মেটাতে না পারায় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।

পারিবারিক আদালত নারীর আবেদন খারিজ করে পর্যবেক্ষণে বলেছিল, স্বামী তার স্ত্রীকে উচ্চশিক্ষা ও চাকরি করার সুযোগ দিয়েছেন, যা তার ‘উদার’ মানসিকতার পরিচায়ক। আদালত ওই নারীকে তার ক্যারিয়ারের জন্য ‘অত্যধিক উচ্চাভিলাষী’ বলেও আখ্যা দিয়েছিল।

তবে হাইকোর্ট বলেন, পারিবারিক আদালত নারীর পেশ করা সাক্ষ্যপ্রমাণ উপেক্ষা করেছে। আদালত রায়ে বলেন, যথাযথ সম্মান রেখেই বলছি, আমরা এমন পর্যবেক্ষণ বা দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত হতে পারি না। এ ধরনের বিষয়ে লিঙ্গভিত্তিক পক্ষপাত বা স্টেরিওটাইপিং বরদাশত করা যায় না। স্বামী-স্ত্রী বিবাহিত জীবনের সমান অংশীদার। স্বামী উচ্চ ও স্ত্রী নিম্ন কিংবা একজন অন্যজনকে শাসন করবেন, আইনসম্মতভাবে সম্পর্কের ভিত্তি এমন নয়। এই সম্পর্ক পারস্পরিক সমান অধিকারের ওপর প্রতিষ্ঠিত।

আদালত আরও বলেন, "বিয়ের পর উচ্চশিক্ষা গ্রহণ করা বিবাদীর দেওয়া কোনও বিশেষ সুবিধা নয়, বরং এটি এমন একটি অধিকার যা স্ত্রী সব সময়ই ভোগ করতে অধিকারী।

হাইকোর্ট জানান, বিয়ের পর পড়াশোনা বা চাকরি করাকে ‘অত্যধিক উচ্চাভিলাষী’ বলা যায় না। শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে নিম্ন আদালতের রায় বাতিল করেন হাইকোর্ট। তবে কোনও আবেদন না থাকায় ভরণপোষণ নিয়ে কোনও আদেশ দেননি আদালত, তবে উপযুক্ত আদালতে তা চাওয়ার অধিকার সংরক্ষিত রাখা হয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস