পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সন্দেহভাজন এক সদস্যের কাছে ভারতের সামরিক বাহিনীর গোপন নথি, যুদ্ধপরিকল্পনা ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে দেশটির বিমানবাহিনীর এক উইং কমান্ডারের বিরুদ্ধে। অনলাইনে প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে ওই কর্মকর্তার কাছ থেকে এসব তথ্য নেওয়া হয়েছিল বলে দাবি তদন্তকারীদের।
দিল্লি পুলিশের আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, ভারতের সামরিক প্রস্তুতি, ড্রোন সক্ষমতা, যুদ্ধবিমানের চলাচল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কে গোপন তথ্য পাচার করেছিলেন ওই কর্মকর্তা।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত হোয়াটসঅ্যাপে ওই সন্দেহভাজন পাকিস্তানি গোয়েন্দা সদস্যের সঙ্গে যোগাযোগ করেন বিমানবাহিনীর এই কর্মকর্তা। তাদের মধ্যে বিনিময় হওয়া তথ্যের পরিমাণও ছিল উল্লেখযোগ্য। তদন্তকারীরা ৩ হাজার ৮টি টেক্সট বার্তা, ৬৫টি ছবি, ৬৫টি প্রতিক্রিয়া, ৪২টি ভয়েস কল, চারটি ভিডিও কল এবং ছয়টি ওয়েব লিংকের তথ্য উদ্ধার করেছেন।
অভিযোগপত্রে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হলো, ওই কর্মকর্তা নগ্ন ছবি পাওয়ার বিনিময়ে যুদ্ধপরিকল্পনার গোপন নথির একটি পৃষ্ঠা পাঠিয়েছিলেন বলে দাবি পুলিশের। নথিটিতে সিক্রেট ওয়ার প্ল্যান বা গোপন যুদ্ধপরিকল্পনা লেখা ছিল। আরও ছবি পেলে ওই নথির অতিরিক্ত পৃষ্ঠা সরবরাহের প্রস্তাবও দিয়েছিলেন তিনি।
পুলিশের অভিযোগ, ওই কর্মকর্তা বলেছিলেন, প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে তিনি যুদ্ধপরিকল্পনার নতুন একটি পৃষ্ঠা দেবেন।
ড্রোন ও সামরিক অবস্থানের তথ্য পাচার
তদন্তকারীদের দাবি, শুধু যুদ্ধপরিকল্পনার নথিই নয়, ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কেও বিভিন্ন তথ্য সরবরাহ করেছিলেন ওই কর্মকর্তা। এর মধ্যে ছিল একটি গোপন ড্রোন ইউনিটের জনবল, সাংগঠনিক কাঠামো, পরিচালন সক্ষমতা, ড্রোনের পরীক্ষামূলক কার্যক্রম, উড্ডয়নকাল এবং লক্ষ্যবস্তু নির্ধারণের পদ্ধতি।
এ ছাড়া যুদ্ধের সময় সেনা মোতায়েনের জন্য নির্ধারিত স্থান, লেহতে যুদ্ধবিমানের অবস্থান এবং রাজস্থানের সুরতগড়ের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত একটি সামরিক মহড়ার তথ্যও তিনি দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
সহকর্মীদের ডিভাইসেও স্পাইওয়্যার বসানোর অভিযোগ
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, সন্দেহভাজন পাকিস্তানি গোয়েন্দা সদস্য ওই কর্মকর্তার ডিজিটাল ডিভাইসে প্রবেশাধিকার পাওয়ার চেষ্টা করেছিলেন। এ জন্য তাকে ম্যালওয়্যারযুক্ত অ্যাপ্লিকেশন পাঠানো হয়। এসব অ্যাপের মাধ্যমে তার ডিভাইসে থাকা সংবেদনশীল তথ্য ও দাফতরিক যোগাযোগে প্রবেশের সুযোগ তৈরি হতে পারত।
আরও গুরুতর অভিযোগ হলো, ওই কর্মকর্তা নিজের ইউনিটের পাঁচ অধস্তন সদস্যের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) ডিভাইসে নির্দিষ্ট ম্যালওয়্যার বা স্পাইওয়্যার ইনস্টল করার নির্দেশও পালন করেছিলেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, তিনি নিজের অধীনে ইউনিটে কর্মরত পাঁচ অধস্তন সদস্যের আইসিটি ডিভাইসে নির্দিষ্ট ম্যালওয়্যার বা স্পাইওয়্যার ইনস্টল করার কাজ সম্পন্ন করেছিলেন। তদন্তকারীদের ধারণা, এর মাধ্যমে আরও কয়েকটি ডিভাইস ও যোগাযোগব্যবস্থায় অননুমোদিত প্রবেশের সুযোগ তৈরি হয়ে থাকতে পারে।
যেভাবে ধরা পড়লেন কর্মকর্তা
চলতি বছরের মে মাসে বিমানবাহিনী কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে বিষয়টি সামনে আসে। পরে ৩০ মে দিল্লি পুলিশ সরকারি গোপনীয়তা আইন (অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট) অনুযায়ী ওই উইং কমান্ডারকে গ্রেফতার করে। এরপর তাকে বিচারিক হেফাজতে তিহার কারাগারে পাঠানো হয়।
তদন্তকারীদের ধারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা এক নারীর মাধ্যমে ‘হানিট্র্যাপ’-এর শিকার হয়েছিলেন ওই কর্মকর্তা। ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের মধ্যে ওই নারীর সঙ্গে তার পরিচয় হয়। পরে অনলাইন কথোপকথন থেকে ভিডিও কলে গড়ায় তাদের যোগাযোগ। একপর্যায়ে ওই নারী ছবি, ভিডিও এবং সামরিক কর্মকর্তা ও সেনা মোতায়েনসংক্রান্ত তথ্য চাইতে শুরু করেন।
এ ঘটনায় ভারতের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল যোগাযোগমাধ্যমে আরও বড় কোনো গুপ্তচরবৃত্তির নেটওয়ার্ক সক্রিয় রয়েছে কি না, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: নিউজ১৮