যুক্তরাষ্ট্রে বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার যোগাযোগে ত্রুটির কারণে দেশজুড়ে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সব বিমানবন্দরে উড্ডয়নরত ফ্লাইটের ওপর সাময়িক নিষেধাজ্ঞা বা ‘ন্যাশনাল গ্রাউন্ড স্টপ’ জারি করে। এতে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত ও বাতিল হয়। বিমানবন্দরে আটকে পড়েন অসংখ্য যাত্রী।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৫৪ মিনিটে এফএএ দেশজুড়ে গ্রাউন্ড স্টপ ঘোষণা করে। এ সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন গন্তব্যের দিকে ৪ হাজারের বেশি উড়োজাহাজ আকাশে ছিল। আকাশে থাকা উড়োজাহাজগুলোকে গন্তব্যে অবতরণের অনুমতি দেওয়া হলেও মাটিতে থাকা উড়োজাহাজগুলোকে উড্ডয়ন থেকে বিরত রাখা হয়।
এফএএ জানায়, দেশজুড়ে এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলোর সঙ্গে যোগাযোগে সমস্যা দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটির কারিগরি দল সমস্যাটি সমাধানে কাজ শুরু করে। পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, দেশের ২২টি আঞ্চলিক বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্র এ যোগাযোগ সমস্যায় প্রভাবিত হয়েছে।
এ ঘটনায় বিমানবন্দরগুলোতে যাত্রীদের দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, শিকাগোতে অবতরণের পর বাড়ি ফেরার অপেক্ষায় থাকা জেরি বোভার্ডকে উড়োজাহাজ থেকে নামতে আড়াই ঘণ্টা অপেক্ষা করতে হয়। তার ভাষায়, বাড়ি ফেরার আনন্দের বদলে দীর্ঘ সময় উড়োজাহাজে আটকে থাকতে হয়েছে তাকে।
লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরেও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। সেখানে এক যাত্রী উড়োজাহাজ গেট ছেড়ে যাওয়ার দেড় ঘণ্টা পরও নামতে পারেননি। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানতে নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেয়।
শিকাগোর ও'হেয়ার বিমানবন্দরে ফ্লাইটের অপেক্ষায় ছিলেন শন ক্যারি। এমন সময় লাস ভেগাস থেকে তার দাদা-দাদিসহ পরিবারের অন্য সদস্যরা ফোন ও বার্তায় তাকে গ্রাউন্ড স্টপের খবর জানান। পারিবারিক এক বিয়েতে যোগ দিতে তিনি সেখানে যাচ্ছিলেন।
ক্যারি বলেন, আমি অবাক হচ্ছি যে বিমানবন্দরে আরও বিশৃঙ্খলা নেই। শনিবারের বিয়ের জন্য ফ্লাইট ধরতে না পারলে তিনি অন্তত টাকা ফেরত পাওয়ার আশা করছেন এবং অন্য কোনও সময় সেখানে যাওয়ার পরিকল্পনা করছেন। তিনি বলেন, আশা করি সবাই নিরাপদে বাড়ি ফিরবেন এবং যেখানে যাওয়ার, নিরাপদে সেখানে পৌঁছাবেন।
ফ্লাইট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বিপর্যয়ের কারণে শুক্রবার যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার ফ্লাইট বাতিল হয়। পাশাপাশি হাজার হাজার ফ্লাইট বিলম্বিত হয়। রয়টার্সের প্রতিবেদনে একপর্যায়ে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ১০ হাজার ফ্লাইট বিলম্বের তথ্য দেওয়া হয়।
পরিস্থিতির কারণে ইউনাইটেড এয়ারলাইনস শুক্রবারের বাকি সময়ের অধিকাংশ ফ্লাইট বাতিলের পরিকল্পনার কথা জানায়। জেটব্লুও ইউরোপগামী কয়েকটি ফ্লাইট ছাড়া দিনের বাকি ফ্লাইট বাতিল করে। এয়ার কানাডা যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে শুক্রবারের বাকি ফ্লাইটগুলো বাতিল করে।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন জানান, প্রাথমিকভাবে এ ঘটনার পেছনে সাইবার হামলার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তার ভাষ্য, এটি টেলিযোগাযোগ ব্যবস্থার ত্রুটি বলে মনে হচ্ছে। তবে তদন্তে সব সম্ভাবনাই খতিয়ে দেখা হবে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে।
পরে শুক্রবার রাত সাড়ে ৮টার পর এফএএ দেশজুড়ে গ্রাউন্ড স্টপ তুলে নেয়। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরও ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে সময় লাগতে পারে বলে সতর্ক করেছে এয়ারলাইনসগুলো। শনিবারও অতিরিক্ত ফ্লাইট বাতিল ও বিলম্বের আশঙ্কা রয়েছে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রে দেশজুড়ে এমন গ্রাউন্ড স্টপ জারির ঘটনা এটি দ্বিতীয়বার। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে এফএএর একটি কম্পিউটার ব্যবস্থায় ত্রুটির কারণে অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এ ঘটনা যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার পুরোনো প্রযুক্তি, যোগাযোগে ত্রুটি এবং জনবলসংকট নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। দেশটির সরকার বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা আধুনিকায়নে কংগ্রেসের কাছে আরও ৩০ দশমিক ১ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছে।
যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত
যুক্তরাষ্ট্রে দিনভর ফ্লাইট বন্ধের শঙ্কা, নাশকতার আলামত নেই বলছে প্রশাসন