‘ভারত-সমর্থিত’ সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের মেজরসহ ৪ সেনা নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা-ভিত্তিক অভিযানে  সেনাবাহিনীর একজন মেজরসহ চার সদস্য এবং ভারত-সমর্থিত ‘ফিতনা আল-হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর ২৪ সন্ত্রাসী নিহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে। 

আইএসপিআর জানায়, বেলুচিস্তানের কোলপুর, কারদাগাপ ও নুশকি এলাকায় গত ১৩ নভেম্বর থেকে একাধিক অভিযান চালাচ্ছে সশস্ত্র বাহিনী। স্থানীয় যান চলাচল নিরাপদ রাখা এবং অভিযান অব্যাহত রাখতে কোয়েটা-তাফতান জাতীয় মহাসড়কে নিয়ন্ত্রণ ও টহল জোরদার করা হয়েছে।

সামরিক বাহিনীর গণমাধ্যম শাখাটির তথ্য অনুযায়ী, ১৩ ও ১৪ নভেম্বর রাতে কোলপুর এলাকায় নিরাপত্তা বাহিনী এক আত্মঘাতী হামলাকারীসহ ভারত-সমর্থিত আট সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

পরদিন ১৪ নভেম্বর ভারত-সমর্থিত সন্ত্রাসীরা সশস্ত্র কোয়াডকপ্টার বা ড্রোন ব্যবহার করে টহলরত সামরিক যানবাহনকে লক্ষ্যবস্তু বানায়। এতে চকওয়াল জেলার বাসিন্দা মেজর ওমর মিনহাস নাসির এবং কোটলি সাত্তিয়ানের বাসিন্দা হাবিলদার মুহাম্মদ আদনান খান নিহত হন।

আইএসপিআর বলেছে, এই কাপুরুষোচিত হামলা নিরাপত্তা বাহিনীর সংকল্পকে টলাতে পারেনি। স্থানীয় জনগণকে সুরক্ষা দেওয়া এবং সন্ত্রাসবাদ নির্মূল করতে একই গতিতে অভিযান অব্যাহত থাকবে। হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এসব এলাকায় শুদ্ধি অভিযান চলবে।

বিবৃতিতে আরও বলা হয়, ভারত ও অন্যান্য শত্রু গোয়েন্দা সংস্থার মদদপুষ্ট ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নিরীহ বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করতে ড্রোন এবং আইইডিসহ অন্যান্য কারিগরি মাধ্যম ব্যবহারের চেষ্টা করছে, যাতে ওই এলাকায় শান্তি ও স্বাভাবিক অবস্থা বজায় রাখার সরকারি প্রচেষ্টাকে ব্যাহত করা যায়।

আইএসপিআরের দাবি, ভারত এই গোষ্ঠীটিকে পূর্ণ আর্থিক সহায়তা ও অত্যাধুনিক সরঞ্জাম সরবরাহ করে যাচ্ছে। তবে নিরাপত্তা বাহিনী এই ক্রমবর্ধমান হুমকি সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং সন্ত্রাসীদের কোনও ধরনের সুযোগ দেবে না। জাতীয় কর্মপরিকল্পনা বা ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের কেন্দ্রীয় অ্যাপেক্স কমিটির অনুমোদিত ‘আজম-ই-ইস্তেহকাম’ রূপকল্পের আওতায় সন্ত্রাসবিরোধী এই নিরবচ্ছিন্ন অভিযান পূর্ণ গতিতে চলবে।