কারাগারে সঠিক চিকিৎসা না পেয়ে স্বাস্থ্যের চরম অবনতি হওয়ায় মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির শীর্ষ বিচারপতিদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে তিনি অভিযোগ করেছেন, তাকে ও তার স্ত্রী বুশরা বিবিকে যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। তার আইনজীবী ব্যারিস্টার সালমান সফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি শেয়ার করেছেন।
করাচিভিত্তিক সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদনে বলা হয়, সোমবার পাকিস্তানের ফেডারেল সাংবিধানিক আদালত, সুপ্রিম কোর্ট ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে লেখা চিঠিতে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান লিখেছেন, ৭৪ বছর বয়সে এই নির্মম রাষ্ট্র আমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে আমি আর জীবিত ফিরতে নাও পারি।
নিজেকে কোনও সাবেক প্রধানমন্ত্রী বা রাজনৈতিক দলের প্রধান হিসেবে নয়, বরং ক্রিকেট, জনসেবা ও দাতব্য কাজে জীবন উৎসর্গকারী একজন নাগরিক হিসেবে উল্লেখ করে তিনি জরুরি চিকিৎসার আবেদন জানান।
চিঠিতে ইমরান দাবি করেন, তাকে দিনে ২২ ঘণ্টা পর্যন্ত নির্জন প্রকোষ্ঠে বাইরের জগত থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তিনি লিখেছেন, নির্যাতনমূলক নির্জন কারাবাসে দিনে ২২ ঘণ্টা পর্যন্ত আমাকে বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ও যোগাযোগহীন অবস্থায় রাখা হয়েছিল।
নিজের শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে তিনি জানান, তার ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। গত ১০ নভেম্বর তার রক্তচাপ ১৯২ ও ১৯৩-এ উঠে গিয়েছিল এবং চিকিৎসকরা মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকির কথা জানিয়েছেন।
স্ত্রী বুশরা বিবির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি লিখেছেন, গত এপ্রিলে রেটিনা বিচ্ছিন্ন হওয়ার পর বুশরার চোখে গোপনে একটি জটিল অস্ত্রোপচার করা হয়। চলতি মাসে যখন তাকে দেখলাম, তিনি আলো সহ্য করতে পারছিলেন না বা চোখ খুলতে পারছিলেন না; আরেকটি অস্ত্রোপচার ছাড়া তিনি চিরতরে দৃষ্টিশক্তি হারাতে পারেন।
তিনি আক্ষেপ করে বলেন, অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য আমি সারা জীবন হাসপাতাল তৈরি করেছি। আজ আমি শুধু আমার ও আমার স্ত্রীর চিকিৎসার আবেদন জানাচ্ছি।
ইমরান অভিযোগ করেন, কারাগারের মেডিক্যাল বোর্ডের সুপারিশ উপেক্ষা করে তার মানসিক ও শারীরিক অবস্থার অবনতি ঘটানো হচ্ছে। এমনকি গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে না নিয়ে পিআইএমএস হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে রাতেই আবার আদিয়ালা কারাগারে ফেরত পাঠানো হয়।
চিঠির শেষ দিকে তিনি লিখেছেন, আমি কেবল এটুকুই বুঝতে পারছি যে এর উদ্দেশ্য হলো আমাকে অসুস্থ করে তোলা এবং আমার মনোবল ভেঙে দেওয়া। আমি বেঁচে থাকলেই কেবল নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব। মানবিক সহানুভূতির জায়গা থেকে আপনাদের কাছে আমার আবেদন: অনেক দেরি হয়ে যাওয়ার আগেই আমাকে ন্যায়বিচার দিন।