নিউ ইয়র্কের পর বিশ্বের সবচেয়ে বেশি বিলিয়নিয়ারদের বসবাস চীনের প্রযুক্তি নগরী শেনজেনে। এপেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে চলতি সপ্তাহেই শহরটিতে পা রাখছেন নিউ ইয়র্কের বিখ্যাত সব বিলিয়নিয়ার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনিই হতে যাচ্ছেন শেনজেন সফরকারী প্রথম কোনও ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার দেশের আধুনিকায়ন, প্রযুক্তির জয়জয়কার ও দ্রুত সম্পদ সৃষ্টির প্রতীক হিসেবে শহরটিকে তুলে ধরতে চান।
হংকংয়ের ঠিক পাশেই অবস্থিত ১ কোটি ৮০ লাখ মানুষের এই শহরকে বাসিন্দারা গর্বের সঙ্গে ‘মিরাকল সিটি’ বলে ডাকেন। মাত্র চার দশক আগেও এখানে কোনও শহর ছিল না; ছিল কৃষিজমি ও জেলেপল্লী। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্যমতে, সে সময় কোনও কৃষক তিনটির বেশি হাঁস পাললে তাকে ‘পুঁজিবাদী পথে হাঁটার’ দায়ে নিন্দা করা হতো। সত্তরের দশকের শেষে চীনের তৎকালীন নেতা দেং শিয়াওপিং এবং শি জিনপিংয়ের বাবা সি ঝংসুনের উদ্যোগে মুক্তবাজার অর্থনীতির পরীক্ষামূলক অঞ্চল হিসেবে গড়ে ওঠে শেনজেন।
কাউন্সিল অন ভার্টিক্যাল আরবানিজমের তথ্য অনুযায়ী, ম্যানগ্রোভ জলাভূমি থেকে উঠে আসা এই শহরে এখন নিউ ইয়র্কের চেয়েও বেশি আকাশচুম্বী ভবন রয়েছে। এর মধ্যে বিশ্বের পঞ্চম উচ্চতম ভবন পিং আন ফিন্যান্স সেন্টার অন্যতম। শহরের রাস্তায় চলে চালকবিহীন বৈদ্যুতিক ট্যাক্সি, আকাশে ড্রোনে করে পৌঁছে দেওয়া হয় গরম খাবার ও আইসড কফি। রাস্তার নামগুলোও বৈচিত্র্যময় ‘ট্যালেন্ট পার্ক’, ‘স্টার্ট-আপ রোড’ ও ‘গার্ডেন অব নলেজ’।
১৯৮৩ সালে সরকারি প্রণোদনায় শেনজেনে আসা এক দম্পতির নাতনি ও বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক চেন দাইয়াও বলেন, শুরুর দিকে তার দাদা-দাদির কাছে শহরটি বেশ জীর্ণ মনে হয়েছিল। তবে তার শৈশবেই শহরটি অবিশ্বাস্য গতিতে বদলে যেতে থাকে। চেন বলেন, শেনজেন এমন একটি তরুণ শহর যে এখানে সবকিছু অবিশ্বাস্য গতিতে বদলাচ্ছে বলে মনে হয়। আপনার মনে হবে এখানে সবকিছু সব সময় সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
এই শহরেই গড়ে উঠেছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং টেসলাকে পেছনে ফেলে বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি বিক্রেতা হয়ে ওঠা বিওয়াইডি। এ ছাড়া টেনসেন্ট ও ড্রোন নির্মাতা ডিজেআই-এর সদর দফতরও এখানে। বিওয়াইডির প্রতিষ্ঠাতা ওয়াং চুয়ানফু ২০১৯ সালে সিসিটিভিকে বলেছিলেন, সে সময় উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার জন্য সম্ভবত চীনের সেরা পরিবেশ দিয়েছিল শেনজেন।
অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিকস বাজার হুয়াছিয়াংবেই এবং নতুন সব জাদুঘরের কারণে বিদেশি পর্যটকদের কাছেও শহরটি দারুণ জনপ্রিয়। ২০২৬ সালে ৬৬ লাখের বেশি বিদেশি পর্যটক শহরটি ভ্রমণ করেছেন। শেনজেন সফরকারী লন্ডনের ভিডিও প্রযোজক উইল ম্যাকক্যাসকিল বলেন, যেখানেই স্ক্রিন বসানো সম্ভব, সেখানেই স্ক্রিন বা ড্রোন দেখা যায়। শহরটি এত পরিচ্ছন্ন, সুপরিকল্পিত এবং ঘুরে দেখা খুব সহজ।
সূত্র: সিএনএন
লাইভস্ট্রিমের সময় বারান্দা থেকে পড়ে টিকটকারের মৃত্যু
লোহিত সাগরের গুরুত্বপূর্ণ এলাকা ছেড়ে কেন পিছু হটলো ইয়েমেনের সেনারা
ন্যাটো ও ইউরোপকে বিভক্ত করতে চায় রাশিয়া