ধসে যাওয়া সেতুতেই ঝুঁকি নিয়ে চলছে গাড়ি!

অফিশিয়ালি সেতুটি ধসে পড়েছে বহু আগে, তবে তাতে গাড়ি চলা থামেনি মোটেও। ২০২৩ সালের সেপ্টেম্বরে গ্রিস, বুলগেরিয়া এবং তুরস্কে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর মধ্যে গ্রিসের থেসালি অঞ্চলে বন্যায় ৭৯টি সেতু অকেজো হয়ে যায়। সেই ঝড়ের কোপেই ধসে পড়ে পাইনিয়াস নদীর ওপর তৈরি পালাইওপিরগোস সেতুটি।

সেতুটির মাঝের অংশ ধসে গিয়ে নদীর পানির একেবারে কাছাকাছি ঝুলছে। টেম্পি ও আগিয়া নামের দুটি উপকূলীয় এলাকার মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান পথ হওয়ায় ঝুঁকি নিয়েই অবলীলায় এর ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন দুঃসাহসী চালকেরা।

সরকারি নথিতে ২০২৩ সাল থেকেই সেতুটি ‘ধসে পড়া’ ও ‘যানবাহন চলাচলের জন্য বন্ধ’ হিসেবে তালিকাভুক্ত। কিন্তু বাস্তবে সেখানে কোনও ব্যারিকেড দেওয়া হয়নি, সেতুটি মেরামতও করা হয়নি। ফলে নিষেধাজ্ঞার সাইনবোর্ড তোয়াক্কা না করেই মানুষ এতে পারাপার হচ্ছেন।

স্থানীয় ল্যারিসানেট পত্রিকার ড্রোন ফুটেজে দেখা যায়, একটি ফোর্ড রেঞ্জার গাড়ি হেলে পড়া সেতুটির ওপর দিয়ে ধীরে ধীরে প্রতিবন্ধকতা পার হওয়ার মতো করে পার হয়ে যাচ্ছে।

স্থানীয়দের মতে, বিকল্প পথে ঘুরলে অতিরিক্ত সময় ও জ্বালানি খরচ হয় বলেই অনেকে বাধ্য হয়ে এই ঝুঁকি নিচ্ছেন। তবে অনেক পর্যটকও দিকনির্দেশনা অনুযায়ী এসে সেতুটির এই দশা দেখে আঁতকে উঠছেন, কেউ ফিরে যাচ্ছেন, আবার কেউ বা জীবন বাজি রেখেই পার হয়ে যাচ্ছেন।

সূত্র: ওডিটি সেন্ট্রাল