যুক্তরাজ্যের বিভিন্ন অংশে সোমবার (০৯ নভেম্বর) ঘন কুয়াশায় সড়ক, রেল ও আকাশপথে যাতায়াত ব্যাহত হয়েছে। দৃষ্টিসীমা বিপজ্জনক মাত্রায় নেমে আসায় হলুদ আবহাওয়া সতর্কতা বহাল রয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা মেট অফিস ইংল্যান্ডের বড় অংশ ও পূর্ব ওয়েলসজুড়ে হলুদ কুয়াশা সতর্কতা জারি করেছে। ক্যান্টারবেরি থেকে কার্ডিফ, হাল থেকে সেন্ট আসাফ এবং সাউদাম্পটন থেকে ইয়র্ক পর্যন্ত বিস্তৃত এলাকা এর আওতায় পড়েছে। লন্ডন, বার্মিংহাম ও গ্রেটার ম্যানচেস্টারের কিছু অংশও এতে রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, কিছু এলাকায় দৃষ্টিসীমা ৫০ মিটারের নিচে নেমে যেতে পারে। এতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং বাস, ট্রেন, ফেরি ও ফ্লাইট বিলম্ব বা বাতিলের আশঙ্কা বেড়েছে। হিথ্রো বিমানবন্দর যাত্রীদের ভ্রমণের আগে নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করতে বলেছে। বিমানবন্দরে যাওয়া চালকদেরও হাতে বাড়তি সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে বাকিংহামশায়ারের গেরার্ডস ক্রসের কাছে ১এ জংশন থেকে এম২৫ মহাসড়কের সংযোগ ১ নম্বর জংশন পর্যন্ত এম৪০ মহাসড়কের দক্ষিণমুখী লেনের একটি অংশ দুর্ঘটনার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। সপ্তাহান্তেও ঘন কুয়াশায় ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন অংশে যাতায়াত মারাত্মকভাবে বিঘ্নিত হয়। বিবিসির খবরে বলা হয়, কেন্টের এম২০ মহাসড়কে ৩০টি যানবাহনের সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছেন। হ্যাম্পশায়ারের এ৩০৩ সড়কে আলাদা ঘটনায় ১৯টি যানবাহন সংঘর্ষে জড়ায়।
শনিবার রাতে অল্ট্রিনচাম ও নটস কাউন্টির মধ্যকার এফএ কাপের ফুটবল ম্যাচও কুয়াশায় প্রভাবিত হয়েছে। এতে দর্শকদের দৃষ্টিসীমা কমে যায়। মেট অফিস জানিয়েছে, সোমবার সকালের মধ্যে কুয়াশা ধীরে ধীরে কেটে যাওয়ার কথা, তবে বিচ্ছিন্নভাবে কিছু এলাকায় বিকেল পর্যন্ত থাকতে পারে।
তবে সংস্থাটি সোমবার সকালে ঘন কুয়াশার জন্য আরেকটি হলুদ সতর্কতা জারি করেছে, যা মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে। নতুন এই সতর্কতার আওতায় রয়েছে মিডল্যান্ডসের কিছু অংশ, ইস্ট অ্যাংলিয়া, পূর্ব ও উত্তর-পূর্ব ওয়েলস এবং উত্তর ইংল্যান্ডের দক্ষিণাঞ্চল।