তেহরানে রবিবার অনুষ্ঠিত এক বৈঠকে ইয়েমেন সংকট ও ভবিষ্যৎ আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন ইরান ও চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুই দেশের পক্ষ থেকে প্রকাশিত পৃথক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, মধ্যপ্রাচ্য বিষয়ক চীনের বিশেষ দূত ঝাই জুনের সঙ্গে বৈঠক করেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি আলী বাঘেরি কানি, রাজনৈতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মজিদ তাখত-রাভানচি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসাগরীয় অঞ্চল বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ আলিবেক। দ্বিপক্ষীয় সম্পর্ক ও মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলিবেক জানান, ঝাই জুনের সঙ্গে তার বৈঠকে ইয়েমেন সংকট, রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তেহরান ও বেইজিংয়ের মধ্যে এই নিয়মিত পরামর্শ বজায় রাখার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন উভয় কর্মকর্তা।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আগেই জানান, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শান্তি প্রস্তাব বাস্তবায়নের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা জোরদারে নভেম্বরের প্রথমার্ধে ইরান, ওমান ও সৌদি আরব সফর করছেন বিশেষ দূত ঝাই জুন।
সূত্র: আনাদোলু এজেন্সি
ভিয়েতনামের বিমানবন্দরে ভারতীয় পর্যটকদের আচরণ নিয়ে বিতর্ক