যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। বুধবার (১১ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বুধবার আকস্মিকভাবে মারা গেছেন দারচিয়েভ। যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার মাত্র দেড় বছর পর তার মৃত্যু হলো। তবে তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মস্কো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দারচিয়েভকে একজন অসাধারণ কূটনীতিক, অভিজ্ঞ নেতা ও সহকর্মী হিসেবে বর্ণনা করেছে। মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তিনি দায়িত্ব পালন করেছেন। রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন তিনি।

গত বছরের মার্চে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফেরার কিছুদিন পর তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে সময় ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর কয়েক বছর পেরিয়ে গেছে।

২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর দারচিয়েভ এটিকে প্রয়োজনীয় পদক্ষেপ বলে অভিহিত করেছিলেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের তথ্য অনুযায়ী, দারচিয়েভের জন্ম একটি কূটনীতিক পরিবারে। তার বাবা নিকিতা ইভানোভিচ দারচিয়েভ হাঙ্গেরিতে রাশিয়ার দূতাবাসে মন্ত্রী-কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

১৯৯২ সালে কূটনৈতিক জীবন শুরু করেন দারচিয়েভ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগে প্রথম সচিব ও প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রে রাশিয়ার দূতাবাসে উপদেষ্টা হিসেবে যোগ দেন। পরে ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত মন্ত্রী-কাউন্সেলর পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত ছিলেন তিনি।

২০১০ সালে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগে পরিচালক হিসেবে ফিরে আসেন দারচিয়েভ। গত বছর পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন।

সূত্র: আল জাজিরা