ভারতে পাওয়া যায় ভাড়ায় নাতি-নাতনি, বয়স্কদের সঙ্গ দিতে নতুন ব্যবসা

আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ১১:৫২ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১১:৫২

ভারতের গুরুগ্রামে সুনীল বুধিরাজার বাজারে যাওয়ার সময় পাশে থাকেন ২৬ বছর বয়সী রনি রাজু। তার দুই মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তাই রাজুই এখন এই আশির কোঠার দম্পতির ভাড়া করা নাতি।

ভারতের বিভিন্ন শহরে বয়স্কদের সঙ্গ ও দেখভালের জন্য গড়ে উঠছে নতুন ব্যবসা। মন্দিরে নিয়ে যাওয়া, হাসপাতালে পাশে থাকা, তাস খেলা কিংবা শুধু গল্প শোনার মতো সেবা দিচ্ছে কিছু প্রতিষ্ঠান। কোথাও এসব কর্মীকে বলা হচ্ছে ভাড়ায় সন্তান, কোথাও ভাড়ায় নাতি-নাতনি।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত দ্রুত বার্ধক্যের দিকে যাচ্ছে। ইউএনএফপিএ ও ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্সেসের ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে ভারতের জনসংখ্যার ১০ দশমিক ৫ শতাংশের বয়স ছিল ৬০ বছরের বেশি। ২০৫০ সালে তা বেড়ে ২১ শতাংশে পৌঁছাতে পারে। তখন প্রায় ৩৪ কোটি ৭০ লাখ বয়স্ক মানুষের বিশেষায়িত সেবার প্রয়োজন হবে। ভারতের বয়স্ক সেবা খাতের বাজার প্রায় ৭০০ কোটি ডলারের।

সমাজকর্মে স্নাতকোত্তর রাজু কয়েক মাস ধরে বুধিরাজা দম্পতির সঙ্গে কাজ করছেন। বুধিরাজা বলেন, শুরু থেকেই আমি তার সঙ্গে স্বচ্ছন্দ ছিলাম। আমার মনে হয়, সে আমাকে ২০০ শতাংশ বোঝে। রাজুও বলেন, এখন সে আমার পরিবারের মতো। বুধিরাজার অস্ত্রোপচারের সময় চিকিৎসক ও ওষুধের খোঁজ রাখা থেকে শুরু করে কাজের সময়ের পরও ফোন করে খোঁজ নেওয়া সবই করেন রাজু।

রাজুর প্রতিষ্ঠানটির কর্ণধার গৌরব মিত্তাল জানান, মাসে ১০ ঘণ্টার সেবার জন্য ঘণ্টাপ্রতি ৪৫০ রুপি এবং ২৫ ঘণ্টার জন্য ৪০০ রুপি নেওয়া হয়। অব্যবহৃত সময় পরের মাসে জমা থাকে। তবে এ সেবা মূলত শহরের আর্থিকভাবে সচ্ছল পরিবারগুলোর নাগালে।

বেঙ্গালুরুভিত্তিক একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সন্তোষ আব্রাহাম বলেন, বয়স্কদের অনেক সময় চিকিৎসা বা বাজারের কাজের চেয়ে বেশি প্রয়োজন হয় কথা বলার একজন মানুষ। তার ভাষায়, অনেকেই বলেন, আমি একা, কথা বলার কেউ নেই। কখনও অসুস্থতার কথা জানিয়ে ফোন করলেও কেয়ার ম্যানেজার গিয়ে কোনও সমস্যা খুঁজে পান না। তখন তাদের এক ঘণ্টা বসে গল্প করতে বলা হয়। আব্রাহামের মতে, অপরিচিত কারও কাছে অনেকেই সহজে মনের কথা বলতে পারেন।

হায়দরাবাদের কর্মী কুমারও বয়স্কদের সঙ্গ দেন। তার গ্রাহকদের কেউ তাস খেলতে, কেউ সিনেমা দেখতে, মন্দির বা পার্কে যেতে সঙ্গী চান। এক গ্রাহক তাকে ঈশ্বরপ্রদত্ত ছেলে বলে পরিচয় করিয়ে দিতেন। ওই ব্যক্তি মারা যাওয়ার পর তার ছেলে কুমারকে শেষকৃত্যে সঙ্গে থাকতে বলেন।

তবে সেবাদানের ক্ষেত্রে সীমারেখা বজায় রাখার বিষয়েও সতর্ক করছেন সংশ্লিষ্টরা। হায়দরাবাদের একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রশান্ত রেড্ডি বলেন, সঙ্গীরা সহায়তা দিতে পারেন, কিন্তু চিকিৎসক বা মানসিক স্বাস্থ্যকর্মীর বিকল্প নন। আব্রাহাম তাদের প্রশিক্ষণে বলেন, কম বলো, বেশি শোনো।

নয়াদিল্লির জিন্দাল ইনস্টিটিউট অব বিহেভিয়ারাল সায়েন্সেসের সহকারী অধ্যাপক শিল্পা বন্দ্যোপাধ্যায় মনে করেন, সঙ্গী ভাড়া করাকে পরিবারের ব্যর্থতা হিসেবে দেখা উচিত নয়। তার মতে, বয়স্কদের খাদ্য, আশ্রয় ও চিকিৎসার পাশাপাশি সঙ্গ পাওয়ার প্রয়োজনকেও স্বীকৃতি দিতে হবে।

বুধিরাজাকে জিজ্ঞেস করা হয়েছিল, রাজু কোনও দিন কাজে না এলে তার কেমন লাগবে। তিনি বলেন, কেন আসতে পারেনি তা জেনে আমি নিশ্চিত করব সে আসুক। আমার তাকে দরকার। বয়স বাড়লে প্রয়োজনও বাড়ে।

সূত্র: আল জাজিরা 

/এসএইচএম/
সম্পর্কিত
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
গাজার হাসপাতালে ঘুমন্ত রোগীদের ওপর ইসরায়েলি হামলা, নিহত ৬
ইরানের সঙ্গে সরাসরি আলোচনার কথা ভাবছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে খেসারত উচ্চ মূল্যে দিতে হবে: জামায়াত আমির
সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে খেসারত উচ্চ মূল্যে দিতে হবে: জামায়াত আমির
নির্বাচন-উত্তর বাংলাদেশ: আইন প্রয়োগকারী সংস্থা বনাম নাগরিক অধিকার 
নির্বাচন-উত্তর বাংলাদেশ: আইন প্রয়োগকারী সংস্থা বনাম নাগরিক অধিকার 
মোস্তাফিজ ছাড়াও আইপিএলে খেলতে আগ্রহী যে ৬ বাংলাদেশি ক্রিকেটার
মোস্তাফিজ ছাড়াও আইপিএলে খেলতে আগ্রহী যে ৬ বাংলাদেশি ক্রিকেটার
স্কুল থেকে ফেরার পথে শিক্ষিকাকে মারধর করে মোবাইল, স্বর্ণ ও টাকা লুট
স্কুল থেকে ফেরার পথে শিক্ষিকাকে মারধর করে মোবাইল, স্বর্ণ ও টাকা লুট
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প