শুক্রবার সন্ধ্যায় ওই শপিং সেন্টারে হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তর মিউনিখের বেশ কয়েকটি সড়ক পুলিশ বন্ধ করে দেয় এবং মহাসড়কে অবস্থান না করার নির্দেশ দেয়। এ ঘটনায় দেশটির পুলিশের পক্ষ থেকে এ পর্যন্ত ৯ জনের নিহতের খবর নিশ্চিত করা হয়েছে।নিহতদের মধ্যে একজন সন্দেহভাজন হামলাকারী থাকতে পারে।
জার্মান বর্ডার পেট্রল হেলিকপ্টার মিউনিখের আকাশে মহড়া দিচ্ছে। তিন বন্দুকধারীর খোঁজে পুরো মিউনিখ শহর প্রায় অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। বাস, ট্রেন ও ট্যাক্সি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, আহত বিশজনকে আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জার্মান পুলিশ পরিস্থিতিকে ‘সন্ত্রাসী হামলার হুমকি পরিস্থিতি’হিসেবে উল্লেখ করেছে। এছাড়া পুলিশের অভিযানের ভিডিও ও ছবি প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে। জনসাধারণকে উদ্দেশ্য করে পুলিশ জানিয়েছে, শহরের অলিম্পিক পার্কে এখনও পুলিশের অভিযান চলছে। পুলিশ এখনও বন্দুকধারীর অবস্থান শনাক্ত করতে পারেনি। তাই সাধারণ মানুষদের ঘরের ভেতরেই থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
জনসাধারণকে উদ্দেশ্য করে পুলিশ জানিয়েছে, শহরের অলিম্পিক পার্কে এখনও পুলিশের অভিযান চলছে। পুলিশ এখনও বন্দুকধারীদের অবস্থান শনাক্ত করতে পারেনি। তাই সাধারণ মানুষদের ঘরের ভেতরেই থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
হামলার পরপরই দেখা গেছে আতঙ্কিত মানুষ জীবন বাঁচাতে এদিক সেদিক ছোটাছুটি করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলি করার আগে ওই বন্দুকধারী নিজেকে জার্মান ও সিস অসলেন্ডার নামে পরিচয় দেয়।
পুলিশকে সহযোগিতার জন্য অস্ট্রিয়ার স্পেশাল কোবরা ফোর্স মিউনিখে উপস্থিত হয়েছে। জার্মান কর্তৃপক্ষের অনুরোধে কোবরা ফোর্সের ৪২ কর্মকর্তা মিউনিখে উপস্থিত হয়েছেন।
শনিবার নিরাপত্তা কাউন্সিলকে নিয়ে বৈঠক করবেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। তিনি এ হামলার নিন্দা জানিয়েছেন।
একদিকে এ হামলায় যখন আতঙ্কে পুরো নগরবাসী, তখন তারাই শহরে আটকে পড়া মানুষদের আমন্ত্রণ জানাচ্ছেন নিজের বাড়িতে থাকার। হামলার ঘটনার পর মিউনিখে ট্রেন, বাস সার্ভিস বন্ধ করে দেওয়ায় শহরে আটকে পড়েছেন অনেকে। আর তাদের জন্য টুইটারে ‘#offenetuer #opendoor' হ্যাশট্যাগ চালু করেছেন মিউনিখবাসী৷ নির্দ্বিধায় নিজেদের বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছেন তারা। আটকে পড়া মানুষদের স্থানীয় মসজিদগুলোতে আশ্রয় নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
এদিকে, পুলিশ ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে এক যুবকের লাশকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে চিহ্নিত করেছে। লাশ উদ্ধারের পর পুলিশ হামলাকারী হিসেবে যাচাই করার কথা জানায়। পরে পুলিশ জানায়, নিহত যুবক হামলাকারীই। সে একাই হামলা চালিয়েছে বলে তদন্তের এ পর্যায়ে মনে করা হচ্ছে। হামলাকারী যুবক আত্মহত্যা করেছে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ২টার সময় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।
শপিং সেন্টারে হামলার পর এখন পর্যন্ত ইসলামিক স্টেট (আইএস)-এর দায় স্বীকারের খবর পাওয়া যায়নি। তবে আরটি ডট কম জানিয়েছে, হামলার পর আইএস সমর্থকরা টুইটারে উল্লাস প্রকাশ করছেন।
উল্লেখ্য, এক সপ্তাহের মধ্যে জার্মানিতে এটি দ্বিতীয় সন্ত্রাসী হামলা। এর আগে সোমবার জার্মানির একটি ট্রেনে আফগান কিশোরের কুঠার হামলার পর সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। এর মধ্যেই শপিং সেন্টারে এ গুলিবর্ষণের ঘটনা ঘটলো। কর্তৃপক্ষ জানিয়েছে, জার্মানিতে কুঠার হামলাটি ছিল জিহাদি আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রথম হামলা। এতে অন্তত ২০ জন আহত হন। হামলাটির দায় স্বীকার মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
জার্মানির মিউনিখে অলিম্পিক শপিং সেন্টারে বন্দুকধারীর হামলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, ‘আমরা জার্মানিকে সব সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু আমরা এখনও জানতে পারিনি সেখাতে কি হচ্ছে। তবে এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।’ এ হামলার নিন্দা জানিয়েছেন বিশ্বনেতৃবৃন্দ।
হামলার পর ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মিউনিখের মার্কিন কনস্যুলেট এক বিবৃতিতে ওই ভ্রমণ সতর্কতা জারি করে। বিবৃতিতে বলা হয়, শুক্রবার (২২ জুলাই) মিউনিখের একটি শপিং সেন্টারসহ কয়েকটি স্থানে বন্দুকধারীরা হামলা চালায়। সন্ত্রাসী হামলার পর বড় মাত্রায় পুলিশি অভিযান চলছে, তাই মিউনিখে অবস্থান করা মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মিউনিখে অবস্থান করা মার্কিন নাগরিকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পরামর্শ দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। সেই সঙ্গে মার্কিন কর্তৃপক্ষের ওয়েবসাইটের দিকে খেয়াল রাখতে এবং মার্কিন কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে ওই বিবৃতিতে।
সূত্র: ডয়চে ভেল, বিবিসি, রয়টার্স।
এ সম্পর্কিত আরও খবর-
- জার্মানিতে শপিং সেন্টারে বন্দুকধারীর হামলা, বহু হতাহতের আশঙ্কা
- এক সপ্তাহের মধ্যে জার্মানিতে দ্বিতীয় দফায় হামলা
- মিউনিখ হামলা: বন্দুকধারী শপিং সেন্টারের ভেতরেই ছিল: প্রত্যক্ষদর্শী লিন স্টেইন
- জার্মান শপিং সেন্টারে হামলা: হামলাকারীর সংখ্যা নিয়ে ধোঁয়াশা
- জনসাধারণকে বাইরে বের না হওয়ার পরামর্শ পুলিশের
- ভিডিওতে মিউনিখ হামলার পর আতঙ্কিত মানুষের ছোটাছুটি
- তিন বন্দুকধারীকে খুঁজছে পুলিশ
- মিউনিখ হামলায় এ পর্যন্ত নিহত অন্তত ৯
- জার্মানির শপিং সেন্টারে হামলাকে ‘সম্ভাব্য’ সন্ত্রাসী হামলা বলছে পুলিশ
- মিউনিখে ভ্রমণ সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র
- স্টোর রুমে লুকিয়ে আছেন দোকান কর্মচারী
- ছবিতে জার্মানির শপিং সেন্টারে হামলা
- বাড়ি ফিরতে না পারা মানুষরা মসজিদে রাত্রি যাপন করতে পারবেন
- নিহত ‘হামলাকারী’র লাশ পরীক্ষা করছে রোবট
/এসএনএইচ/এএ/