ভারতের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৭৫ জনে পৌঁছেছে। মঙ্গলবার (২৮ জুলাই) ডিজাস্টার রিপোর্টিং অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের (ডিআরআইএমএস) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সর্বশেষ সাতজনের মৃত্যুর খবর এসেছে শিবসাগর জেলা থেকে।
প্রতিবেদন অনুযায়ী, বন্যায় এখনও শিবসাগর, চরাইদেও, গোলাঘাট, যোরহাট, নগাঁও, শোণিতপুর এবং কামরুপ (মেট্রোপলিটন) এই সাতটি জেলা ক্ষতিগ্রস্ত রয়েছে।
ডিআরআইএমএস জানায়, ২১টি রাজস্ব সার্কেলের ৬২২টি গ্রামের ৩ লাখ ৩২ হাজার ৬৩৯ জন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া ৪৫ হাজার ৩৪১ দশমিক ৯৮ হেক্টর কৃষিজমি এখনও পানির নিচে রয়েছে।
রাজ্যের নদীগুলোর মধ্যে নুমালিগড়ে ধানসিড়ি নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। তবে কোনও নদীই সর্বোচ্চ বন্যা স্তর অতিক্রম করেনি।
প্রাণহানি বাড়তে থাকায় বন্যাকবলিত পরিবারগুলোর জন্য একগুচ্ছ ত্রাণ ও সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, আমাদের মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের জীবন পুনর্গঠনে সহায়তা করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।
সংশোধিত সহায়তা প্যাকেজ অনুযায়ী, বন্যাজনিত মৃত্যুর ক্ষেত্রে ৪ লাখ রুপির অনুদান পেতে ময়নাতদন্তের বাধ্যবাধকতা তুলে দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আরও ৫ লাখ রুপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ফলে বন্যায় নিহতদের পরিবার মোট ৯ লাখ রুপি ক্ষতিপূরণ পাবে।
সরকার আরও জানিয়েছে, কেউ ৩০ দিনের বেশি সময় নিখোঁজ থাকলে তার পরিবারও ৪ লাখ রুপির অনুদান পাওয়ার যোগ্য হবে।
তাৎক্ষণিক সহায়তা হিসেবে বন্যায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত এক লাখের বেশি পরিবারকে নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি চাহিদা মেটাতে ১৫ হাজার রুপি করে নগদ সহায়তা দেওয়া হবে।
এছাড়া আগামী ১ আগস্ট থেকে অরুণোদয় কল্যাণ কর্মসূচি পুনরায় চালু হবে। চরাইদেও, যোরহাট, গোলাঘাট ও শিবসাগরের সুবিধাবোধীরা ওই মাসের জন্য বিশেষ কিস্তি হিসেবে ২ হাজার ৫০০ রুপি পাবেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্যও সহায়তা ঘোষণা করেছে রাজ্য সরকার। আগামী ১ আগস্ট থেকে ক্ষতিগ্রস্ত জেলার শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পর্যায়ে ১ হাজার রুপি থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যায়ে ৫ হাজার রুপি পর্যন্ত বই কেনার অনুদান পাবেন। এছাড়া বিনামূল্যে পাঠ্যবই সরবরাহ, স্কুল ইউনিফর্ম কেনার সহায়তা এবং হারিয়ে যাওয়া দশম ও দ্বাদশ শ্রেণির নম্বরপত্র ও সনদপত্র বিনামূল্যে পুনরায় ইস্যুর ব্যবস্থাও করা হবে।
সূত্র: উইয়ন নিউজ