ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার সমর্থিত বাহিনী দেশটির ধুবাব জেলা ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির নিকটবর্তী এলাকাগুলো হুথি বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করার দাবি করেছে। পাশাপাশি রাজধানী সানায় একটি কৌশলগত আক্রমণাত্মক অভিযান শুরু করার ঘোষণাও দিয়েছে তারা।
ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা-তে প্রকাশিত এক বিবৃতিতে সৌদি সমর্থিত সামরিক বাহিনী জানায়, হোমল্যান্ড শিল্ড ফোর্সেস ও জায়ান্টস ব্রিগেডের সদস্যরা বিমান হামলার সহায়তায় একাধিক এলাকায় হুথি মিলিশিয়াদের আস্তানা লক্ষ্য করে ব্যাপক সামরিক অভিযান পরিচালনা করেছে।
এক ঊর্ধ্বতন সামরিক সূত্র সাবা-কে জানান, অভিযানকালে সেনারা দ্রুত অগ্রসর হয়ে গুরুত্বপূর্ণ এলাকাগুলো দখলে নেয় এবং বাব আল-মানদেব অভিমুখী রসদ সরবরাহের পথ বন্ধ করে দেয়। এতে বহু হুথি যোদ্ধা হতাহত এবং তাদের বিপুল সামরিক সরঞ্জাম ধ্বংস হয়। বর্তমানে মুক্ত এলাকাগুলো সুরক্ষিত করার প্রক্রিয়া চলছে।
অভিযান ঘোষণার পরপরই সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, জোটের ১০০টি যুদ্ধবিমান ইয়েমেনি বাহিনীকে সহায়তা দিচ্ছে। তারা বাব আল-মানদেব প্রণালির আকাশসীমা সুরক্ষিত করেছে এবং শত শত হুথি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি হুথিদের দখলে থাকা বাকি ভূখণ্ড উদ্ধারে এই অভিযানের ঘোষণা দেন।
২০০৪ সাল থেকে চলা গৃহযুদ্ধের মধ্যে ২০১৪ সালে হুথিরা সানা দখল করে। ২০২২ সালের ভঙ্গুর অস্ত্রবিরতি গত জুলাইয়ে ভেঙে পড়ার পর সংঘাত নতুন রূপ নেয়। এদিকে, বর্তমান পরিস্থিতি এবং রাজনৈতিক সমাধানের প্রস্তাব নিয়ে আলোচনার জন্য পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রিয়াদে এক জরুরি বৈঠকে বসেছে।
সূত্র: আল জাজিরা