যুদ্ধ শেষ করতে পরমাণু সমৃদ্ধকরণ কমাতে হবে ইরানকে: ভ্যান্স

যুক্তরাষ্ট্রের দাবি মেনে সাত মাসের যুদ্ধ বন্ধ করতে হলে ইরানকে অবশ্যই তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা ‘অর্থপূর্ণভাবে’ কমাতে হবে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে ওয়াশিংটন এখনও নিশ্চিত নয় যে তেহরান কীভাবে আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রবিবার আলাস্কায় নির্বাচনী প্রচার শেষে সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, যেকোনও চুক্তির জন্য ভবিষ্যতে পারমাণবিক কার্যক্রম কমানোর প্রতিশ্রুতি নয়, বরং ইরানকে এখনই তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা কমাতে হবে।

ভ্যান্স বলেন, আপনার যদি পারমাণবিক অস্ত্র না-ই চাওয়ার থাকে, তবে আপনার ৬০ শতাংশ সমৃদ্ধ জ্বালানির প্রয়োজন কেন? আর যদি পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেখাতে চান, তবে অত্যন্ত সমৃদ্ধ জ্বালানি তৈরি করবেন না। এটি একটি অত্যন্ত মৌলিক বিষয়। 

তিনি আরও বলেন, আমি মনে করি, তারা যদি পারমাণবিক অস্ত্র না বানানোর প্রতিশ্রুতি দেখাতে চায়, তবে তাদের সমৃদ্ধকরণ সক্ষমতার বিষয়ে অর্থপূর্ণ কিছু করা উচিত।

যুদ্ধ বন্ধ এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক জ্বালানি রুট হরমুজ প্রণালি পুনরায় চালুর লক্ষ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে প্রস্তাব বিনিময় করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং সতর্ক করে জানিয়েছে, মধ্যবর্তী নির্বাচনের পর সামরিক অভিযান আরও তীব্র হতে পারে।

ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্র এখনও সমঝোতায় পৌঁছানোর জন্য প্রস্তুত। তবে এর জন্য ইরানকে পরমাণু কর্মসূচিতে সুনির্দিষ্ট ছাড় দিতে হবে। তিনি বলেন , ‘আমরা কথার বিনিময়ে পদক্ষেপ গ্রহণ করব না’।

পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ওয়াশিংটনের এই অনিশ্চয়তা যে তেহরানে আসলে সিদ্ধান্ত কে নেন। ভ্যান্সের ভাষ্যমতে, ‘আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি তা হলো, তাদের দেশ কীভাবে সিদ্ধান্ত নেয় তা সম্পূর্ণ স্পষ্ট নয়’। এর আগে গত মঙ্গলবার ট্রাম্পও মন্তব্য করেছিলেন যে তার ‘সবচেয়ে বড় সমস্যা’ হলো কেউ জানে না ইরান কে চালাচ্ছে।

এদিকে গত রবিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, মার্কিন কর্মকর্তারা তাদের সমকক্ষ প্রতিপক্ষ কারা এবং ইরানের সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা কীভাবে কাজ করে তা ভালোভাবেই জানেন। 

হোয়াইট হাউসের শীর্ষ আলোচক হিসেবে প্রায়ই তার নাম উচ্চারিত হলেও শান্তি আলোচনা তিনি নিজে পরিচালনা করছেন কি না, সে বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি ভ্যান্স। তিনি বলেন, ‘আমরা নিশ্চিতভাবে যুক্ত আছি। তবে শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টই সবকিছু পরিচালনা করছেন’।