যৌতুক হিসেবে ১৩ লাখ রুপির গাড়ির পরিবর্তে সাড়ে ৯ লাখ রুপির গাড়ি দেওয়ায় বিয়ের আসর থেকে ফিরে গেছেন বর। ভারতের হরিয়ানার সোনিপতে গত ২০ নভেম্বর এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত বর কুলদীপ দিল্লি পুলিশে কর্মরত। এ ঘটনায় কনের বাবা সুভাষ কুমার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ছয় মাস আগে সুভাষ কুমারের মেয়ে হিনার সঙ্গে কুলদীপের বিয়ে ঠিক হয়। বিয়ে পাকা হওয়ার পর থেকেই বরের পক্ষ থেকে গাড়ি ও স্বর্ণালংকারের দাবি উঠতে থাকে। কনের পরিবার বরের জন্য সাড়ে ৯ লাখ রুপি মূল্যের একটি হুন্দাই অরা গাড়ি বুকিং দিয়েছিল। কিন্তু বিয়ের ঠিক এক দিন আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কনের পরিবার জানতে পারে, কুলদীপ ওই গাড়িতে সন্তুষ্ট নন; তার প্রায় ১৩ লাখ রুপি মূল্যের মারুতি ব্রেজা গাড়ি চাই।
খবর পেয়ে কনের পরিবার আগের বুকিং বাতিল করে ব্রেজা গাড়ির খোঁজ শুরু করলেও বিয়ের সময় ঘনিয়ে আসায় তা জোগাড় করতে পারেনি। গাড়ি ছাড়াও বরের জন্য দুই তোলা স্বর্ণের চেইন, বরের মায়ের জন্য চার তোলা স্বর্ণের কানের দুল ও রুপার নূপুর এবং বরের বড় ভাই ও ভাবির জন্যও গয়নার অর্ডার দিয়েছিলেন সুভাষ কুমার। এ ছাড়া ১ লাখ ৩২ হাজার রুপির আসবাবপত্রসহ বিয়ের আয়োজনে তার ২৫ থেকে ৩০ লাখ রুপি খরচ হয়েছে বলে তিনি দাবি করেন।
২০ নভেম্বর সোনিপতের মামচাঁদ বাটিকায় প্রায় ১ হাজার ২০০ অতিথির খাবারের আয়োজন করা হয়েছিল। কিন্তু কুলদীপ বরযাত্রী নিয়ে আসার বদলে সাধারণ পোশাকে মাকে সঙ্গে নিয়ে বিয়ের ভেন্যুতে পৌঁছান এবং ব্রেজা গাড়িটি খুঁজতে থাকেন। গাড়ি না পেয়ে দুই পরিবারের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। কনের বাবার অভিযোগ, বর কনের পরিবারের সদস্যদের গালিগালাজ করেন এবং কনের ভাই সাহিলের সঙ্গে বিবাদে জড়ান।
আত্মীয়স্বজন হাতজোড় করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার অনুরোধ জানালেও কুলদীপ ও তার মা তা প্রত্যাখ্যান করে চলে যান। বিয়ের সাজে মণ্ডপে বসে বরের অপেক্ষায় থাকেন এমএ ও জেবিটি ডিগ্রিধারী কনে হিনা। বর চলে যাওয়ায় কনেপক্ষের অনেক অতিথিও না খেয়ে চলে যান। পরে উভয় পক্ষই জরুরি নম্বর ১১২-এ ফোন করে পুলিশকে খবর দেয় এবং কনের বাবা দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কীটনাশকের বিষক্রিয়া আশঙ্কাজনক বিজেপি বিধায়ক, দলের দাবি ‘ফুড পয়জনিং’