মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর চেয়ে নতুন নিযুক্ত চিফ অব স্টাফ স্টিফেন মিলার ভালো প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন- এমন ইঙ্গিত দিয়ে রিপাবলিকান পার্টির ২০২৮ সালের উত্তরসূরি বিতর্ক উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আগামী মেয়াদে ভ্যান্স নাকি রুবিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ভালো হবেন- এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবও এড়িয়ে যান ট্রাম্প।
এশিয়া সফর শেষে ফেরার পর শুক্রবার প্রায় ৯০ মিনিট ধরে চলা হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে কথা বলছিলেন ট্রাম্প। মিলার প্রশাসনের পক্ষে দীর্ঘ বক্তব্য দেওয়ার পর পেছনে দাঁড়িয়ে থাকা জেডি ভ্যান্স ও মার্কো রুবিওর দিকে ফিরে তাকান ট্রাম্প। সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমাদের কাছে ব্রেকিং নিউজ আছে’।
ভ্যান্স ও রুবিওকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এই দুই জনের চেয়ে তিনি ভালো’। এরপর মিলারকে উদ্দেশ্য করে ট্রাম্প প্রশ্ন করেন, ‘আপনি কি প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে চান?’
সুজি ওয়াইলসের বিদায়ের পর চিফ অব স্টাফ হিসেবে নিযুক্ত হওয়া মিলার নির্বাসন নীতিসহ ট্রাম্পের কঠোর অভিবাসন কর্মসূচি প্রণয়নের জন্য পরিচিত। তবে ব্রিফিংয়ে মিলারের ব্যক্তিত্ব নিয়ে সমালোচনার জবাব দেন ট্রাম্প এবং জানান, জনসম্মুখে তার যে ভাবমূর্তি রয়েছে, তা তার প্রকৃত চরিত্রের প্রতিফলন নয়। ট্রাম্প বলেন, ‘তিনি সত্যিই একজন প্রতিভা এবং তার হৃদয় অনেক বড়’। মিলারকে ‘বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি’ বলেও অভিহিত করেন ট্রাম্প।
সামনে আসছে ভ্যান্স-রুবিও প্রতিদ্বন্দ্বিতা
২০২৮ সালে ট্রাম্পের উত্তরসূরি কে হতে পারেন, তা নিয়ে জল্পনা বাড়ার মধ্যেই প্রেসিডেন্টের এই মন্তব্য সামনে এল। ভ্যান্সকে ব্যাপকভাবে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হলেও রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনের পরাজয়ের পর ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক পর্যালোচনার মুখে পড়েছে। এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে ভ্যান্স ওই নির্বাচনী বিপর্যয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছিলেন, যা ট্রাম্পকে ক্ষুব্ধ করেছিল বলে জানা যায়। এরপর ট্রাম্প ভ্যান্সের মনোযোগ ডেমোক্র্যাটশাসিত অঙ্গরাজ্যগুলোর কথিত দুর্নীতির দিকে সরিয়ে দেন।
অন্যদিকে রুবিওকে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার কথা ভাবতে উৎসাহিত করছেন রিপাবলিকান দাতা ও দলের প্রভাবশালী ব্যক্তিরা। ট্রাম্পও বারবার পররাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করেছেন; সম্প্রতি আসিয়ান নেতাদের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, ‘মার্কো কতটা আকর্ষণীয়, তাই না?’ ট্রাম্প বলেন, ‘মার্কো কি দারুণ কাজ করছেন? তিনি অসাধারণ’।
সূত্র: উইয়ন নিউজ
Trump on Stephen Miller: He was better than these two guys. Do you want to run for president? https://t.co/0D6r2oBEnn
— Acyn (@Acyn) November 20, 2026