অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

জন্মের পর অপরিণত শিশু হিসেবে ভর্তি হয়েছিলেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে। সেই হাসপাতালেই এখন সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন চিকিৎসক ডা. শাওলী সরকার। নিজের জন্ম ও কর্মস্থলের এই যোগসূত্রকে ‘সৌভাগ্য’ এবং ‘সৃষ্টিকর্তার বিচিত্র খেলা’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবস উপলক্ষে রবিবার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নিজের জীবনের এই গল্প তুলে ধরেন ডা. শাওলী সরকার।

পোস্টে তিনি লেখেন, ‘‘আজ ১৫ নভেম্বর, বিশ্ব প্রিম্যাচুরিটি দিবস। এ বছরের প্রতিপাদ্য, স্মল বেবিজ, বিগ পোটেনশিয়াল। ইনভেস্ট ইন ফলো-আপ কেয়ার টু প্রোটেক্ট দেয়ার ফিউচার! ভাবার্থ ‘ছোট্ট শিশু, অপার সম্ভাবনা’। তাদের ভবিষ্যৎ সুরক্ষায় ফলোআপ সেবায় বিনিয়োগ করুন।’’

নিজের হাসপাতালের সঙ্গে জীবনের সম্পর্ক তুলে ধরে তিনি লেখেন, ‘আমার বাংলাদেশ শিশু হাসপাতাল সেই বিনিয়োগ তো আমার জন্ম থেকেই করেছে! কতটা সৌভাগ্য অথবা সৃষ্টিকর্তার কী বিচিত্র খেলা— যে হাসপাতালে জন্মমাত্র অপরিণত শিশু হিসেবে ভর্তি হয়েছিলাম, সেই হাসপাতালেই আজ সহযোগী অধ্যাপক। আর আমি গর্বভরে আমার ইনস্টিটিউটকে ধারণ করি।’

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, ‘আমাকে বাঁচানোর জন্য এবং অন্য শিশুদের বাঁচানোর সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ।’

প্রতি বছর ১৫ নভেম্বর বিশ্ব প্রিম্যাচুরিটি দিবস পালন করা হয়। গর্ভাবস্থার পূর্ণ মেয়াদ শেষ হওয়ার আগেই জন্ম নেওয়া বা অপরিণত শিশুদের স্বাস্থ্যঝুঁকি, পরিচর্যা এবং তাদের পরিবারের সংগ্রাম নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা বাড়ানো এ দিবসের মূল উদ্দেশ্য।

আগে ১৭ নভেম্বর দিবসটি পালন করা হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাফতরিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্তির সুবিধা এবং বিশ্ব জরায়ুমুখ ক্যানসার নির্মূল দিবসের সঙ্গে তারিখের সংঘর্ষ এড়াতে এখন ১৫ নভেম্বর পালন করা হয়। ২০০৮ সালে ইউরোপিয়ান ফাউন্ডেশন ফর দ্য কেয়ার অব নিউবর্ন ইনফ্যান্টস (ইএফসিএনআই) এবং বিভিন্ন অভিভাবক সংগঠন যৌথভাবে দিবসটি চালু করে।

২০২৬ সালের প্রতিপাদ্য ‘স্মল বেবিজ, বিগ পোটেনশিয়াল। ইনভেস্ট ইন ফলো-আপ কেয়ার টু প্রোটেক্ট দেওয়ার ফিউচার!’ এর ভাবার্থ— ছোট্ট শিশু, অপার সম্ভাবনা। তাদের ভবিষ্যৎ সুরক্ষায় ফলোআপ সেবায় বিনিয়োগ করুন।

বিশ্বব্যাপী প্রতি ১০টি শিশুর মধ্যে প্রায় একটি শিশু সময়ের আগেই জন্ম নেয়। পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ এই অকাল জন্ম। অপরিণত শিশুদের বিশেষ চিকিৎসা ও সঠিক পরিচর্যার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরিতে দিবসটি পালন করা হয়।