স্বাস্থ্য খাতের অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন ১৪০ কোটি ডলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৬, ১৮:১৬ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৮:১৬

জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের জন্য সহজলভ্য ও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তিনটি নাগরিক সংগঠন। একইসঙ্গে বড় নিঃসরণকারী দেশগুলোকে ২০৩০ সালের আগেই গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো এবং অগ্রগতি নিয়মিত প্রকাশের দাবি জানিয়েছে তারা।

শনিবার (১৪ নভেম্বর) রাতে তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ৩১ সম্মেলনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। এতে অংশ নেয় জলবায়ু ন্যায়বিচার ফোরাম (সিজেএফ), অর্গানাইজেশন ফর সোশিও-ইকোনমিক ডেভেলপমেন্ট (এওএসইডি) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রি ইআর)।

রবিবার (১৫ নভেম্বর) তাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, প্রশমন, অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোকে পূর্বানুমানযোগ্য, সহজলভ্য এবং প্রধানত অনুদানভিত্তিক অর্থায়ন দিতে হবে। জলবায়ু পরিকল্পনা ও অর্থায়নের সুফল মূল্যায়নের প্রক্রিয়ায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকেও যুক্ত করতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের স্বাস্থ্য খাতের জাতীয় অভিযোজন পরিকল্পনা (এইচএনএপি) ২০২৬-২০৩১ বাস্তবায়নে প্রয়োজন আনুমানিক ১৪০ কোটি ডলার। পাঁচ বছর মেয়াদি এ পরিকল্পনায় বন্যার সময় স্বাস্থ্যসেবা সচল রাখা, জলবায়ু-সংবেদনশীল রোগ শনাক্ত এবং তাপপ্রবাহ মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত করার বিষয়গুলো অগ্রাধিকার পেয়েছে।

সিথ্রি ইআরের উপপরিচালক রওফা খানম বলেন, সরকারি বাজেট ও স্বাস্থ্যসংশ্লিষ্ট অন্যান্য খাতে বিনিয়োগ থেকে ৭৪ কোটি ডলার সংগ্রহ করা সম্ভব। বাকি ৬৬ কোটি ডলারের জন্য আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। এর মধ্যে আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে ১৪ কোটি ডলার অনুদান হিসেবে সংগ্রহ জরুরি, যাতে দেশের ঋণের বোঝা না বাড়ে।

গবেষণায় স্বাস্থ্য অবকাঠামো, প্রযুক্তি ও সরবরাহব্যবস্থার উন্নয়নে ৩৫ কোটি ডলার এবং ঝুঁকি পর্যবেক্ষণ ও আগাম সতর্কবার্তা ব্যবস্থায় ২৬ কোটি ৬০ লাখ ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

এওএসইডির নলেজ ম্যানেজমেন্ট টিম লিড এমডি সালাহ উদ্দিন বলেন, বড় নিঃসরণকারী দেশগুলোকে দূরবর্তী সময়ের নিট-শূন্য নিঃসরণের প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ থাকলে চলবে না। ২০৩০ সালের আগেই অর্থবহ ও পরিমাপযোগ্য নিঃসরণ কমাতে হবে। প্রতি বছর প্রকৃত নিঃসরণ হ্রাসের তথ্য প্রকাশ এবং তা স্বাধীন পর্যালোচনার আওতায় রাখারও দাবি জানান তিনি।

সংগঠনগুলো কপ৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে নিঃসরণ কমানোর পদক্ষেপ, অগ্রগতি মূল্যায়ন এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতের অভিযোজন পরিকল্পনার মতো অগ্রাধিকার বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়নের সময়সীমা স্পষ্ট করার আহ্বান জানিয়েছে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাবে আগের চেয়ে দ্বিগুণ ডলার
রিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দাম
চার মাসে রফতানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারালো ইংল্যান্ড
অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারালো ইংল্যান্ড
শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
শিক্ষার মানোন্নয়নে এডিবির সহযোগিতা বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
গেম খেলে ১ লাখ ৩৫ হাজার ডলার আয়ের সুযোগ, অংশ নিতে যা করতে হবে
গেম খেলে ১ লাখ ৩৫ হাজার ডলার আয়ের সুযোগ, অংশ নিতে যা করতে হবে
গোপালগঞ্জের ডিসি-এসপি প্রত্যাহার, নতুন দায়িত্বে দুই কর্মকর্তা
গোপালগঞ্জের ডিসি-এসপি প্রত্যাহার, নতুন দায়িত্বে দুই কর্মকর্তা
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি