সেনাবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ, দ্রুত আবেদন করুন

বাংলাদেশ সেনাবাহিনীর অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে বেসামরিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চারটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ২২টি ক্যাটাগরিতে মোট ২৩ জন নিয়োগ দেওয়া হবে। পদভেদে আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ও ৩০ নভেম্বর ২০২৬।

যেসব পদে নিয়োগ

আর্মি মেডিক্যাল কলেজ, বগুড়ায় অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার ও অফিস সহায়কসহ আট ধরনের পদে নিয়োগ দেওয়া হবে। এ বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা আটটি।

আর্মি মেডিক্যাল কলেজ, চট্টগ্রামে ড্রাইভার (ভারী/হালকা), স্টোর কিপার, ল্যাব অ্যাটেনডেন্ট, বাবুর্চি, মালি, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী ও মেস বয় পদে আটজন নেওয়া হবে।

এ ছাড়া তিনটি কারিগরি পদে নিয়োগ দেওয়া হবে। পদগুলো হলো ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান, ইলেকট্রনিক্স টেকনিশিয়ান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি টেকনিশিয়ান। প্রতিটি পদে একজন করে নিয়োগ দেওয়া হবে।

অন্য একটি বিজ্ঞপ্তিতে সিনিয়র প্রকৌশলী, প্রকৌশলী (ইইই/ইইসিই) এবং প্রকৌশলী (সিএসই) পদে একজন করে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

পদ অনুযায়ী অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা, স্নাতক এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা আবেদনের সুযোগ পাবেন। অধ্যাপক ও চিকিৎসা-সংশ্লিষ্ট পদগুলোর ক্ষেত্রে নির্ধারিত পেশাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও নিবন্ধন থাকতে হবে।

কারিগরি পদে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা এবং কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। সিনিয়র প্রকৌশলী পদে টেলিযোগাযোগ খাতে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং প্রকৌশলী পদে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

বয়স ও বেতন

সাধারণ প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৬০ বছর পর্যন্ত হতে পারবে। পদ অনুযায়ী জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ১৩তম থেকে ২০তম গ্রেডে বেতন দেওয়া হবে। কিছু কারিগরি ও প্রকৌশলী পদের বেতন যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদনের নিয়ম

প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন ফি সংযুক্ত করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ডাকযোগে অথবা সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবে।

আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি, নাগরিকত্ব ও চারিত্রিক সনদ এবং সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে। আবেদন ফি পদভেদে ২০০, ৩০০, ৫০০, ১ হাজার ও ১ হাজার ৫০০ টাকা। ফি পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন ফরম ও বিস্তারিত শর্তাবলি বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট https://www.army.mil.bd এবং সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আবেদনের শেষ তারিখ

আর্মি মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম এবং কারিগরি ও প্রকৌশলী পদের বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৬। আর্মি মেডিকেল কলেজ, বগুড়ার বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৬।

আগ্রহী প্রার্থীদের পদ অনুযায়ী যোগ্যতা ও আবেদনের শর্ত যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।