শনিবার (১ জুলাই, ২০১৭) গুলশান জঙ্গিহামলার এক বছর পূর্তিতে অবিন্তার বাড়িতে গিয়ে স্বজনদের কাউকে পাওয়া যায়নি। নিরাপত্তারক্ষীদের কাছে নিজের পরিচয় দিয়ে বাড়ির ভেতরে যেতে চাইলেও অনুমতি মেলেনি। অবিন্তা কবিরের মা ‘অ্যালিগেন্ট গ্রুপ’-এর চেয়ারম্যান রুবা আহমেদের সঙ্গেও কথা বলা হয়নি।
যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমোরি ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন অবিন্তা। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্র থেকে ২০১৬ সালের ২৭ জুন দেশে আসেন তিনি। ১ জুলাই ছিল ২৫ রমজান। সে রাতে ইফতারের পরপরই অন্য দুই বন্ধু ফারাজ আইয়াজ হোসেন ও তারিশি জৈনের সঙ্গে দেখা করতে হলি আর্টিজানে যান অবিন্তা। কিছুক্ষণের মধ্যেই ওই রেস্তোরাঁটিতে অস্ত্র নিয়ে ঢুকে পড়ে কয়েকজন জঙ্গি। এরপর সেখানে অবিন্তাসহ দেশি-বিদেশি ২০ জনকে হত্যা করে জঙ্গিরা।
শনিবার পুরো বাড়িটি আবার খুটিয়ে দেখতে গিয়ে চোখে কিছু একটা আটকে যায়। কোথাও একটা পরিবর্তন যেন এসেছে, কিন্তু চট করে ধরা পড়বে না। গত বছর ১ জুলাইয়ের পরে দেখা বাড়িটির নেমপ্লেটে চোখ আটকে যায়, এ সময়ের মধ্যে বাড়িটির নাম বদলে গেছে। সেই বাড়ির নাম এখন ‘অবিন্তা’।
বাড়িতে ঢোকার মূল ফটকের বাম পাশে সবুজ ঘাসের ভেতরে পাথরের নেমপ্লেটে লেখা রয়েছে ‘অবিন্তা’। একবছর আগে যখন এ বাড়িতে এসেছিলাম, তখন এর নাম ছিল ‘ফ্লু দ্য লিজ’ (Flue the Lis)।
কবে বাড়িটির নাম পরিবর্তন করা হলো, জানতে চাইলে নির্ভরযোগ্য কিন্তু নামপ্রকাশে অনিচ্ছুক এক সূত্র এ প্রতিবেদককে জানান, অবিন্তা মারা যাওয়ার এক সপ্তাহের মধ্যেই বাড়ির নাম পরিবর্তন করা হয়েছে। কার উদ্যোগে নাম বদলালো জানতে চাইলে তিনি আরও জানান, অ্যালিগেন্ট গ্রুপের চেয়ারপারসন অবিন্তা কবিরের নানি নিলু রওশন মোর্শেদ বাড়ির নাম বদলে ফেলার এ সিদ্ধান্ত নেন।
অবিন্তার মা মেয়েকে ছাড়া কেমন আছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘অবিন্তা মারা যাবার ছয়মাস পর্যন্ত উনি কারও সঙ্গে পুরো একটি বাক্য কথা বলেননি, শুধু তিনি নন, ওনারা সবাই চুপ হয়ে গিয়েছিলেন। এই পরিবারের কেউই ঠিক ছিলেন না, এমনকী এখনও নেই।’
অবিন্তার মায়ের চেয়ে বড় ট্র্যাজেডির মধ্যে আর কেউ নেই জানিয়ে একজন স্বজন বলেন, ‘ওনার সঙ্গে কথা বলাটাও আমাদের জন্য খুব কঠিন আমাদের জন্য। তবে এরপর অবিন্তার মায়ের সঙ্গে কথা বলে ‘অবিন্তা ফাউন্ডেশন’-এর কাজ শুরু হয়। আগামী ৫ জুলাই অবিন্তা স্মরণে স্কুল এবং ৮ জুলাই অবিন্তা ফাউন্ডেশনের অফিস উদ্বোধন করা হবে। ফাউন্ডেশনটির ফাউন্ডার অবিন্তা, ওর মা শুধু সেটা চালু করেছেন।
/এমএনএইচ/
আরও পড়ুন:
অবিন্তা নেই, বেঁচে আছে তার স্বপ্ন
তুমি কোথায়, গুলশানে জঙ্গি হামলা!
দুর্বিসহ স্মৃতি নিয়ে বেঁচে আছেন তারা
‘হয় আমি মরবো, না হয় ওদের মারবো’
গুলশানে এখনও কাটেনি আতঙ্কের রেশ
হলি আর্টিজান কেন বেছে নিয়েছিল জঙ্গিরা?
এসি রবিউলের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত
অপারেশনের শুরুতে উত্তেজনায় কাঁপছিলাম
নিহত শাওনের মায়ের বিলাপে ভারি গুলশান
‘অপারেশন থান্ডার বোল্ট’ থেকে ‘সান ডেভিল’
৩ কারণে হলি আর্টিজান হামলার চার্জশিটে দেরি
পুলিশকে সেই রাতের কথা যা বলেছেন হাসনাত করিম
শরীরে স্প্লিন্টার নিয়ে বেঁচে আছেন এডিসি আব্দুল আহাদ
গুলি ও বোমার আঘাতেই মৃত্যু হয়েছিল হলি আর্টিজানের জঙ্গিদের
গুলশান হামলায় নিহতদের স্মরণে অনুষ্ঠান নিয়ে দূতাবাসগুলোয় সতর্কতা
হলি আর্টিজানের পলাতক জঙ্গিদের এক মাসের মধ্যে গ্রেফতার করা হবে: মনিরুল
হলি আর্টিজানে হামলার পরিকল্পনা রাজশাহীতে, কৌশল নির্ধারণ গাইবান্ধায়, চূড়ান্ত অপারেশন প্ল্যান ঢাকায়