রাজধানী ঢাকার সবুজবাগে মো. পলাশ (৩৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে সবুজবাগ থানার রাজারবাগ বাজার এলাকার পানির পাম্প-সংলগ্ন একটি মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত পলাশ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে সবুজবাগের মাদারটেক এলাকায় বসবাস করছিলেন। পেশায় তিনি প্রাইভেটকার চালক। তবে কিছুদিন ধরে কাজ করছিলেন না।
নিহতের প্রতিবেশী হীরা জানান, রাত ৮টার দিকে পলাশ রাজারবাগ বাজারের একটি মুদি দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় রয়েল, সবুজ ও নাঈমসহ একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে এবং বুক ও মাথায় গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সবুজবাগ থানাকে জানানো হয়েছে।