হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগ ভাগলপুর লেনের ৪৮/১/ই বাসার সামনে ছুরিকাঘাতে আহত হন তিনি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে হাজারীবাগ থানা-পুলিশ। পরে ভোর পৌনে ৬টার দিকে মারা যান সাগর।

হাজারীবাগ থানার উপ পরিদর্শক (এসআই) এবিএম তৌহিদ জানান, রাতে ট্রিপল নাইনের মাধ্যমে জানতে পারি, ভাগলপুর লেনের রাস্তায় এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে, ওই যুবককে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যায় সে। তার মাথায় একাধিক ছুরিকাঘাতের চিহ্ন আছে।

এসআই আরও জানান, সাগর হোসেন বুলেট হাজারীবাগ ভাগলপুর লেনের স্থানীয় বাসিন্দা। তার বাবা মৃত শাহাদত হোসেন। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এখনও জানতে পারিনি। বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।