চিকিৎসক সেজে ঢামেকের জরুরি বিভাগে, আনসারের হাতে আটক

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভুয়া চিকিৎসক সন্দেহে একজনকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

রবিবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়।

আনসারের মিডিয়া বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর আনসারের দক্ষিণ জোনের আওতাধীন ওই হাসপাতালে পিসি মো. শাহাদাৎ হোসেন ও আনসার সদস্য মো. মানিক প্রামাণিকের তৎপরতায় তাকে আটক করা হয়।

পরে হাসপাতাল পরিচালকের নির্দেশনা অনুযায়ী আটক ব্যক্তিকে হাসপাতাল পুলিশ ফাঁড়িতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।