বকেয়া বেতন-জ্যেষ্ঠতাসহ চাকরি ফিরে পেলেন সেই শরীফ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরি ফিরে পেয়েছেন সংস্থাটির সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। তাকে চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার করে পুনর্বহাল করেছে দুদক। একই সঙ্গে বিধি অনুযায়ী তার জ্যেষ্ঠতা ও বকেয়া বেতন ভাতাসহ সব সুযোগ সুবিধা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের পটুয়াখালী কার্যালয়ে কর্মরত অবস্থায় শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। দুদক কর্মচারী বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধি অনুযায়ী তাকে অপসারণ করা হয়েছিল।

শরীফ উদ্দিন এর আগে দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন। সেখানে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়ম তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছিলেন তিনি। দায়িত্ব পালনের কারণে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেন। তার চাকরিচ্যুতির ঘটনায় সে সময় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। প্রতিবাদে দুদকের কর্মকর্তা কর্মচারীরাও মানববন্ধন করেন।

চাকরি ফিরে পেতে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ৯ জুলাই হাইকোর্ট তার চাকরিচ্যুতির আদেশ আইনগত কর্তৃত্ববহির্ভূত ও শুরু থেকেই বাতিল ঘোষণা করেন। একইসঙ্গে জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুযোগ-সুবিধাসহ তাঁকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করলেও পরে তা প্রত্যাহারের আবেদন জানায়। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত লিভ টু আপিলটি না চালানোর কারণে খারিজ করেন।

সবশেষে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের আদেশ জারি করলো দুদক।