সাবেক ডিসি ইব্রাহিমসহ চারজনের সম্পদের খোঁজে সব ব্যাংকে দুদকের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৬, ১৫:৫১ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১৫:৫১

রাজধানীতে শহীদ বুদ্ধিজীবী পরিবারের নামে বরাদ্দ দেওয়া বাড়ি আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনের সাবেক উপকমিশনার (ডিসি) মো. ইব্রাহিম খানসহ চারজনের সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনের তথ্য সংগ্রহে দেশের সব ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। একইসঙ্গে তাদের নামে স্থাবর সম্পদ রয়েছে কিনা, তা জানতে ঢাকা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের কাছেও তথ্য চেয়েছে সংস্থাটি।

চিঠিতে বলা হয়, অভিযোগের মুখে থাকা অন্য তিনজন হলেন ডিএমপির বংশাল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান, শেখ মো. জাবেদ উদ্দিন এবং মিরাজ মো. জাকির উদ্দিন। 

অনুসন্ধান সংশ্লিষ্টরা জানান, অভিযুক্ত ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী পরিবারের নামে বরাদ্দ করা বাড়ি আত্মসাৎসহ নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও অনুসন্ধানের আওতায় আনা হয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানে দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তারকে দলনেতা ও উপসহকারী পরিচালক সাবিকুন নাহারকে সদস্য করে দুই সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

অনুসন্ধানের অংশ হিসেবে দুদকের প্রধান কার্যালয় থেকে ঢাকা জেলা রেজিস্ট্রারের কাছে পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে জমি, বাড়ি, ফ্ল্যাটসহ কোনও স্থাবর সম্পত্তি নিবন্ধিত হয়েছে কিনা, তা জানতে চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে উল্লিখিত ব্যক্তিদের নামে জমি কিংবা স্থাবর সম্পদ নিবন্ধিত হয়ে থাকলে সেসব সম্পত্তির দলিলের দাতা ও গ্রহীতার নাম, দলিলের ধরন, দলিল নম্বর ও তারিখ, জমির মৌজা, দাগ নম্বর, পরিমাণ এবং ঘোষিত মূল্যসহ বিস্তারিত তথ্য সরবরাহ করতে হবে।

দুদকের চিঠিতে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি তাদের পরিবারের কয়েকজন সদস্যের নামও অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে শেখ মো. জাবেদ উদ্দিনের স্ত্রী মোসাম্মৎ রিতা ফারজানা এবং পরিবারের অন্য সদস্যদের সম্পত্তিসংক্রান্ত তথ্যও অনুসন্ধানের আওতায় রয়েছে।

দুদক সূত্রের তথ্য অনুযায়ী, অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদ অর্জনের উৎস, সম্পত্তির মালিকানা এবং আর্থিক লেনদেনের তথ্য পর্যালোচনা করা হচ্ছে। বিশেষ করে শহীদ বুদ্ধিজীবী পরিবারের নামে বরাদ্দ করা বাড়ি আত্মসাতের অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদ অর্জনের কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা অনুসন্ধান করা হবে। 

/জেইউ/এসটি/ 
সম্পর্কিত
৮০ লাখ টাকা ঘুষ দাবি, ১ লাখ টাকাসহ দুদকের ফাঁদে সার্ভেয়ার
এবার দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো দিলীপ আগরওয়ালাকে
স্ত্রীসহ নওগাঁর সাবেক এমপি ছলিমের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সর্বশেষ খবর
বাংলাদেশ-রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা বৈঠক কাল
বাংলাদেশ-রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা বৈঠক কাল
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফ্রিস?
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফ্রিস?
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি
রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি
টেক্সাসের প্রথম লাতিনা গভর্নর ডেমোক্র্যাট জিনা হিনোহোসা
টেক্সাসের প্রথম লাতিনা গভর্নর ডেমোক্র্যাট জিনা হিনোহোসা
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত