এক্সপ্রেসওয়ের টোলের অর্থ আত্মসাৎসহ চার অভিযোগে দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ের অর্থ আত্মসাৎ ও সরকারের রাজস্ব বঞ্চিত করা, উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং সরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা ও খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ অনুসন্ধানে চারটি অভিযান চালাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২২ নভেম্বর) এসব অভিযান চালানো হবে।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, রাজধানীসহ দিনাজপুর, বাগেরহাট ও ফরিদপুরে এসব অভিযান চালাবে সংস্থাটির প্রধান কার্যালয় এবং সংশ্লিষ্ট জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম।

আকতারুল ইসলাম জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের (এফডিইই) বিরুদ্ধে যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায়ের অর্থ আত্মসাৎ এবং সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানে দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালাবে।

এদিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের টিওয়ানএসএইচডি সেচখালের বাঁধ পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান চালাবে দুদকের দিনাজপুর জেলা কার্যালয়।

অভিযোগে বলা হয়েছে, প্রকল্পের শর্ত লঙ্ঘন করে বাইরে থেকে মাটি আনার পরিবর্তে খালের পাশের ফসলি জমি কেটে বাঁধ নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং নির্ধারিত কাজের মান ও শর্ত অনুসরণ না করে সরকারি অর্থ ব্যয়ের মাধ্যমে অনিয়মের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে।

অন্যদিকে বাগেরহাটের রামপালে একটি সেতু নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ অনুসন্ধানে অভিযান চালাবে দুদকের বাগেরহাট জেলা কার্যালয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতাধীন ওই সেতুর নির্মাণকাজে ঠিকাদার ও প্রকল্পসংশ্লিষ্টদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে।

এ ছাড়া ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানি এবং ভর্তি রোগীদের খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ অনুসন্ধানে অভিযান চালাবে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়।

অভিযান শেষে কী ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেছে কিংবা সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী কী ব্যবস্থা নেওয়া হবে, তা অভিযান শেষে জানানো হবে বলে জানিয়েছেন আকতারুল ইসলাম।