দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে আলোচিত মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন মেঘনা আলম। পরে দুদকের উপপরিচালক ও দুই সদস্যের অনুসন্ধান দলের প্রধান সুমিত্রা সেন তাকে জিজ্ঞাসাবাদ করেন।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সেই অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।
এসব অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে গত ৪ নভেম্বর মেঘনা আলমকে তলবি নোটিশ পাঠায় দুদক। উপপরিচালক সুমিত্রা সেনের সই করা ওই নোটিশে তাকে ১৮ নভেম্বর সকাল ১০টায় কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বুধবার দুদকে হাজির হন তিনি।
তবে অভিযোগের বিষয়ে মেঘনা আলমের বক্তব্য এবং জিজ্ঞাসাবাদে তিনি কী তথ্য দিয়েছেন তা জানা যায়নি।