‘আইনজীবী সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি গণতান্ত্রিক আইনজীবী সমিতির

আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা ও হেনস্তা এবং সারা দেশে মব সন্ত্রাস ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি। রবিবার (২২ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারিক চৌধুরী, সহসভাপতি সিনিয়র অ্যাডভোকেট একেএম জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট আনোয়ারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট সাগরিকা ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রেজাউল ইসলাম রিয়াজ, দফতর সম্পাদক অ্যাডভোকেট রাম চন্দ্র দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট সানজিদ রহমান শুভ এবং আইন ছাত্রবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইমরান হোসেন।

সভাপতির বক্তব্যে সুব্রত চৌধুরী বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা-হেনস্তা এবং সারাদেশে আগুন সন্ত্রাস অত্যন্ত নিন্দনীয়। এসব ঘটনা দেশের আইনের শাসনের জন্য বড় হুমকি।

এই পরিস্থিতিতে রাষ্ট্র নির্বিকার থাকতে পারে না। আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও দায়িত্বশীল ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তিনি।

সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলার ঘটনা প্রমাণ করে, দেশে বর্তমানে নিরাপত্তাহীন পরিবেশ বিরাজ করছে। এতে সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। একইসঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে। তিনি অবিলম্বে ‘আইনজীবী সুরক্ষা আইন’ প্রণয়ন ও কার্যকর করতে জাতীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

সমাবেশে অন্য বক্তারা বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা-হেনস্তা এবং সারাদেশে মব সন্ত্রাস ও আগুন সন্ত্রাস অব্যাহত থাকলে সাধারণ মানুষ আইনের শাসন ও বিচারব্যবস্থার ওপর আস্থা হারাবে। এতে দেশ ক্রমেই দীর্ঘস্থায়ী সংকটের দিকে ধাবিত হতে পারে।