আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার

রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, ১০টি রামদা, একটি করাতসহ দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়াও উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত ২০টি মুঠোফোন, একটি ল্যাপটপ, স্বর্ণের কানের দুল, পাঁচটি বিদেশি হাতঘড়ি, নগদ ৫৭ হাজার টাকা ও বিভিন্ন মালামাল।

গ্রেফতারকৃতরা হলেন— জাকির হোসেন (২৫), জাহিদুল ইসলাম সাগর (৩২), মো. হেলাল (৪৫), কালাম খাঁ (৩৭), মো. লিমন মাতবর (২২), মো. শতকত আলী শিকদার (৪০), আলআমিন (৩৮) ও মুন্না (৩০)।

বুধবার (২৫ নভেম্বর) সকালে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ধলেশ্বরী টোলপ্লাজায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পরে বিকালে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানায় এসআরবি।

সংবাদ সম্মেলনে এসআরবির  অধিনায়ক মোহা. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার বিকালে কেরাণীগঞ্জ মডেল থানার কদমতলী এলাকায় একত্রিত হয়ে একটি পিকআপ ভ্যানে করে ডাকাতির উদ্দেশ্যে বরিশালে যান তারা। সেখানে সুবিধা করতে না পেরে শরীয়তপুর ও মাদারীপুরের বিভিন্ন এলাকায় ডাকাতি করে ঢাকায় ফিরছিলেন। পথে ধলেশ্বরী টোলপ্লাজায় তল্লাশির সময় তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান, ১০টি রামদা, একটি করাত, একটি লোহার শাবল, সাতটি টর্চলাইট, পাঁচটি গামছা, একটি মুখোশসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ছাড়া উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে— ২০টি মুঠোফোন, একটি ল্যাপটপ, এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি পাসপোর্ট, একটি জাতীয় পরিচয়পত্র, পাঁচটি বিদেশি হাতঘড়ি, পাঁচটি মানিব্যাগ, একটি চেক বই, বিদেশি মুদ্রা, নগদ ৫৭ হাজার টাকা ও বিদেশি চকলেট।

তিনি জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অবস্থান করে মাদারীপুর, শরীয়তপুর ও বরিশালের বিভিন্ন এলাকায় ডাকাতি করছিলেন। ডাকাতির সময় তারা সড়কের গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরি করতেন।

এসআরবি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে জাকির হোসেনের বিরুদ্ধে ডাকাতির দুটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। কালাম খাঁর বিরুদ্ধে একটি মাদক মামলা, জাহিদুল ইসলাম সাগরের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা এবং মো. হেলালের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে।

ইজিবাইকচালক হত্যার ঘটনায় গ্রেফতার আরও ৩

এদিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ইজিবাইকচালক হত্যার ঘটনায় গত ২২ নভেম্বর দক্ষিণ কেরাণীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করে এসআরবি-১০। তারা হলেন— মো. জুয়েল (৩৯), হারুন মিয়া (৪৪) ও সোহেল রানা (৩৮)।