ক্ষুধা লাগলে ঝটপট ম্যাগির তুলনা নেই। শিশুদের স্কুলের টিফিন কিংবা বিকেলের নাস্তা হিসেবেও ম্যাগি নুডলস জনপ্রিয়। তবে সবসময়ই হয়তো একই রেসিপিতে রান্না করা হয় ম্যাগি। স্বাদে পরিবর্তন আনতে দারুণ স্বাদের বাটার গার্লিক ম্যাগি রান্না করে ফেলতে পারেন। রেসিপি জেনে নিন।
দুই প্যাকেট ম্যাগি সেদ্ধ করে নিন পানিতে। মসলা দেওয়ার প্রয়োজন নেই। সেদ্ধ হলে পানি ঝরিয়ে রাখুন। এর মধ্যে ৪ কোয়া রসুন, আধা চা চামচ চিলি ফ্লেকস, ১/৪ চা চামচ মরিচের গুঁড়া, সামান্য লবণ ও চিনি হামানদিস্তায় পিষে নিন।
প্যানে তেল গরম করে রসুনের মিশ্রণ ও আধা কাপ পেঁয়াজ কুচি ভাজুন। দুই মিনিট পর আধা কাপ টমেটো কুচি ও আধা কাপ ক্যাপসিকাম কুচি দিন। ২ প্যাকেট ম্যাগির মসলা ও ২ টেবিল চামচ লবণহীন বাটার দিন। বাটার গলে গেলে সেদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিন। নেড়েচেড়ে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিন।