মাংস ভুনা বা ঝোল রান্নার পাশাপাশি নানা ধরনের কাবাব বানিয়ে ফেলতে পারেন ঈদের এই সময়টায়। খুব সহজে বানানো যায় গরুর মাংসের বটি কাবাব। রেসিপি জেনে নিন।
এক কেজি গরুর মাংস মাঝারি টুকরো করে কেটে নিন। সামান্য চর্বি রাখতে পারেন, তবে হাড় রাখবেন না। আধা কাপ পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, ১ চা চামচ জিরা বাটা, ১ চা চামচ ধনিয়া গুঁড়া, ১ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, ১ চা চামচ শাহী গরম মসলার গুঁড়া, ১ চা চামচ হলুদ গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে মাংস মেখে নিন। তিন কাপ পানি দিয়ে মাংস সেদ্ধ করে নিন। পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন। মাংস ঠান্ডা হলে ২ টেবিল চামচ লেবুর রস, আধা ভাঙা করা সামান্য ধনিয়া, ৩ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার ও চিলি ফ্লেকস দিয়ে মেখে নিন। প্যানে তেল গরম করে মাংসগুলো দুইদিক ভেজে নিন ভালো করে।