শিশুদের পছন্দের চিকেন নাগেট কিন্তু খুব সহজ উপায়ে বাড়িতেই বানিয়ে ফেলা যায়। বিকেলের নাস্তা কিংবা স্কুলের টিফিন হিসেবে দারুণ এই নাগেট। জেনে নিন মচমচে নাগেট বানানোর সহজ রেসিপি।
তিন পিস পাউরুটি ছোট টুকরা করে কেটে নিন। এর সঙ্গে ২৫০ গ্রাম মুরগির মাংসের কুচি মিশিয়ে ব্লেন্ড করে নিন। মিহি মিশ্রণ তৈরি হলে এর সঙ্গে মেশান আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, আধা চা চামচ পাপরিকা পাউডার, আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া ও ১ চা চামচ সয়াসস। মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিন হাত দিয়ে। এরপর হাতে সামান্য তেল মেখে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নাগেটের আকৃতি করে নিন। ডিম ফেটিয়ে এতে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। চাইলে এই অবস্থায় মুখবন্ধ বাটিতে সংরক্ষণ করতে পারেন নাগেট।
তেল গরম করে মাঝারি আঁচে দুই দিক ভালো করে ভেজে পরিবেশন করুন টমেটো সসের সঙ্গে।