ভালোবাসার নানা রঙে আজ ‘ফিল দ্য লাভ ডে’

ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার সম্পর্কেই সীমাবদ্ধ নয়, পরিবার, বন্ধু, পোষা প্রাণী, প্রকৃতি এমনকি নিজের প্রতিও ভালোবাসা অনুভব করা যায়। ভালোবাসার এই বহুমাত্রিক অনুভূতিকে উদযাপন করতেই পালিত হয় ন্যাশনাল ফিল দ্য লাভ ডে বা ভালোবাসা অনুভব দিবস।

দিনটি যেন ভালোবাসার নানা রূপকে নতুন করে অনুভব করার উপলক্ষ। সেন্ট ভ্যালেন্টাইনস ডের পর কিউপিডের ভালোবাসার তীর আবারও চারপাশে ছড়িয়ে পড়ার এক প্রতীকী আবহ তৈরি করে এই দিন। প্রেমের শিহরণ থেকে শুরু করে পরিবার ও বন্ধুত্বের বন্ধন, কিংবা প্রিয় পোষ্যকে ঘিরে মায়া-মমতা সবকিছুকেই এই দিবসের উদযাপনের অংশ করা যায়।

ন্যাশনাল ফিল দ্য লাভ ডে-এর সূচনার নির্দিষ্ট ইতিহাস অবশ্য খুব স্পষ্ট নয়। কে বা কারা প্রথম এই দিবসটি চালু করেছিলেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায় না। তবে ভালোবাসার মতোই দিবসটির শুরুর গল্পটিও যেন রহস্যে ঘেরা। মানবসভ্যতার ইতিহাসে ভালোবাসা বরাবরই একটি গুরুত্বপূর্ণ অনুভূতি হিসেবে উপস্থিত। প্রাচীন চিত্রকর্ম থেকে শুরু করে শেক্‌সপিয়রের প্রেমের সনেট শিল্প, সাহিত্য ও সংগীতে যুগ যুগ ধরে ভালোবাসার নানা প্রকাশ দেখা গেছে। সেই চিরন্তন অনুভূতিকেই আধুনিক সময়ে নতুনভাবে উদযাপনের সুযোগ করে দেয় এই দিবস।

ন্যাশনাল ফিল দ্য লাভ ডে উদযাপনের ধরন হতে পারে নানা রকম। প্রিয় মানুষের জন্য আয়োজন করা যেতে পারে বিশেষ কোনও রোমান্টিক চমক। প্রচলিত আয়োজনের বাইরে গিয়ে সঙ্গীর জন্য একটি স্ক্যাভেঞ্জার হান্টের ব্যবস্থা করা যেতে পারে। একের পর এক সূত্র অনুসরণ করে তাকে এমন কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়, যার সঙ্গে দুজনেরই বিশেষ স্মৃতি জড়িয়ে আছে। আয়োজনের শেষ হতে পারে মোমের আলোয় সাজানো একটি বিশেষ নৈশভোজে। আবার ছোট ছোট ভালোবাসার চিঠি লিখে সেগুলো দিনের বিভিন্ন সময়ে প্রিয়জনের চোখে পড়ার মতো জায়গায় রেখে দেওয়াও হতে পারে আন্তরিক ভালোবাসা প্রকাশের সুন্দর উপায়।

পরিবারের সঙ্গেও উদযাপন করা যায় দিনটি। পরিবারের প্রত্যেক সদস্যকে একটি ছবি, স্মারক বা স্মৃতিচিহ্ন বেছে নিতে বলা যেতে পারে, যা কোনো প্রিয় পারিবারিক মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছে। এর সঙ্গে সেই স্মৃতির গল্প বা অনুভূতিও লিখে রাখা যায়। সবকিছু একত্র করে তৈরি করা যেতে পারে একটি পারিবারিক স্মৃতির বই। সময়ের সঙ্গে এই বই হয়ে উঠতে পারে পরিবারের ভালোবাসা ও একতার মূল্যবান স্মারক।

ভালোবাসার অংশ হতে পারে পোষা প্রাণীরাও। তাদের জন্য আয়োজন করা যেতে পারে বিশেষ গ্রুমিং সেশন বা একটি ছোট্ট ‘স্পা ডে’। নতুন কোনও ডগ পার্কে ঘুরতে নিয়ে যাওয়া কিংবা বাড়ির উঠোনে মজার বাধা-পেরোনোর খেলার আয়োজনও হতে পারে আনন্দের। পোষা প্রাণীর নিঃশর্ত ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানানোর এটি হতে পারে দারুণ একটি উপায়।

বন্ধুত্ব উদযাপনেও দিনটি হতে পারে বিশেষ। বন্ধুরা দূরে থাকলে আয়োজন করা যায় ভার্চুয়াল আড্ডা বা গেম নাইট। সবার পছন্দের কোনো গেম খেলা কিংবা একসঙ্গে কাটানো পুরোনো দিনের স্মৃতি নিয়ে আড্ডা দিতে পারেন বন্ধুরা। এতে দূরত্ব থাকলেও সম্পর্কের উষ্ণতা বজায় থাকে।

ভালোবাসা অনুভবের ক্ষেত্রে নিজেকেও বাদ দেওয়া উচিত নয়। দিনটির একটি অংশ নিজের যত্নের জন্য রাখা যেতে পারে। যোগব্যায়ামের ক্লাসে অংশ নেওয়া, নিজের জন্য স্বাস্থ্যকর ও পছন্দের খাবার রান্না করা কিংবা জার্নাল লিখে নিজের অনুভূতি ও কৃতজ্ঞতার কথা প্রকাশ করা যেতে পারে। নিজের প্রতি যত্ন ও সহমর্মিতাও ভালোবাসারই একটি গুরুত্বপূর্ণ রূপ।

প্রকৃতির কাছ থেকেও ভালোবাসা অনুভব করা যায়। তাই দিনটি খোলা আকাশের নিচে কাটানো যেতে পারে। কাছের কোনও পার্কে হাঁটাহাঁটি, হাইকিং কিংবা সমুদ্রসৈকতে সময় কাটানো মনকে সতেজ করার পাশাপাশি প্রকৃতির সৌন্দর্য উপলব্ধির সুযোগ করে দিতে পারে। একই সঙ্গে প্রকৃতির নিরিবিলি পরিবেশ হয়ে উঠতে পারে নিজের চিন্তা ও অনুভূতি নিয়ে ভাবার শান্ত জায়গা।

সব মিলিয়ে, ন্যাশনাল ফিল দ্য লাভ ডে মনে করিয়ে দেয়, ভালোবাসা প্রকাশের জন্য সবসময় বড় কোনও আয়োজনের প্রয়োজন নেই। একটি ছোট্ট চিঠি, আন্তরিক একটি কথা, প্রিয়জনের জন্য একটু সময়, পোষা প্রাণীর প্রতি যত্ন কিংবা অপরিচিত কারও জন্য করা একটি মানবিক কাজও ভালোবাসার শক্তিশালী প্রকাশ হতে পারে। বড় কোনও আড়ম্বরপূর্ণ আয়োজনের চেয়ে হৃদয় থেকে আসা আন্তরিক কাজেই ভালোবাসা সবচেয়ে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে।