মেয়েরাই করবেন প্রেম নিবেদন! আজ ‘মেয়েদের মনের কথা বলার দিন’

প্রেমের প্রস্তাব সব সময় ছেলেরাই দেবেন, আর মেয়েরা শুধু অপেক্ষা করবেন এমন নিয়ম কে বানিয়েছে? সেই চেনা রীতিকে একটু উল্টে দিতেই রয়েছে মজার এক দিবস। নাম ‘সেডি হকিন্স ডে’। এই দিনে মেয়েরাই পছন্দের মানুষকে প্রেমের প্রস্তাব দিতে পারেন, ডেট কিংবা নাচের অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ জানাতে পারেন। আর ছেলেদের কাজ? লাজুক মুখে সেই প্রস্তাব গ্রহণ করা! মজা করে বললেও, এই দিনের মূল ভাবনা হল প্রেমের সম্পর্কে মেয়েদেরও নিজের পছন্দ প্রকাশের স্বাধীনতা ও উদ্যোগকে উদ্‌যাপন করা।

কীভাবে শুরু হলো এই দিবস?

সেডি হকিন্স ডে-র জন্ম কোনও বাস্তব ঘটনা থেকে নয়, বরং একটি কমিক স্ট্রিপের হাত ধরে। ১৯৩৪ সালে কার্টুনিস্ট আল ক্যাপের জনপ্রিয় কমিক স্ট্রিপ ‘লি'ল অ্যাবনার’-এ প্রথম দেখা যায় এই চরিত্রের। গল্পের কাল্পনিক শহর ডগপ্যাচের বাসিন্দা সেডি হকিন্স ছিলেন এক অবিবাহিত নারীর চরিত্র। তার বাবা হেকজেবিয়া হকিন্স মেয়ের বিয়ে দিতে চাইছিলেন। কিন্তু সেডির পছন্দের কোনও পাত্র ছিল না।

তখন বাবা এক অভিনব প্রতিযোগিতার আয়োজন করেন। শহরের অবিবাহিত মেয়েরা দৌড়ে অবিবাহিত ছেলেদের ধরার চেষ্টা করবেন। যে মেয়ের হাতে কোনও ছেলে ধরা পড়বেন, তার সঙ্গেই হবে বিয়ে। গল্পের এই অদ্ভুত প্রতিযোগিতাই পরে জনপ্রিয় হয়ে ওঠে ‘সেডি হকিন্স ডে’ হিসেবে।

১৯৩৯ সালের মধ্যে আমেরিকার ২০০-রও বেশি কলেজে এই উপলক্ষে নাচের অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছিল বলে জানিয়েছিল ‘লাইফ’ পত্রিকা। ১৯৫০-এর দশকে স্কুল ও বিভিন্ন সামাজিক সংগঠনেও ছড়িয়ে পড়ে এই আয়োজন। সময়ের সঙ্গে এটি শুধু নাচের অনুষ্ঠান বা সঙ্গী খোঁজার দিনেই সীমাবদ্ধ থাকেনি। বরং মেয়েদের নিজের পছন্দের কথা প্রকাশ করা এবং সম্পর্কের ক্ষেত্রে উদ্যোগী হওয়ার প্রতীক হয়ে উঠেছে।

কীভাবে পালন করবেন দিনটি?

এই দিনে পছন্দের মানুষকে ডেটের প্রস্তাব দিতে পারেন মেয়েরা। চাইলে তার জন্য বিশেষ কোনও পরিকল্পনাও করা যায়। হতে পারে তারাভরা আকাশের নীচে ছোট্ট পিকনিক, পছন্দের ক্যাফেতে যাওয়ার আয়োজন কিংবা বহুদিন ধরে দেখতে চাওয়া কোনও অনুষ্ঠানের টিকিট উপহার দেওয়া। মূল কথা, মনের কথা জানাতে সংকোচ না করা।

বন্ধুবান্ধবদের নিয়ে আয়োজন করা যেতে পারে ‘সেডি হকিন্স ডে’ পার্টি বা নাচের অনুষ্ঠানও। সাজসজ্জায় রাখা যেতে পারে পঞ্চাশের দশকের আমেরিকান সংস্কৃতির ছোঁয়া। পোলকা ডট পোশাক, রঙিন আলো, পুরনো দিনের গানে জমে উঠতে পারে সন্ধ্যা।

শুধু প্রেম বা পার্টি নয়, এই দিনটি নারী-পুরুষের সম্পর্কের প্রচলিত ধারণা নিয়েও আলোচনার সুযোগ তৈরি করে। ডেটিংয়ের ক্ষেত্রে সামাজিক প্রত্যাশা কী ভাবে বদলেছে, সম্পর্কের সিদ্ধান্তে মেয়েদের স্বাধীনতা কতটা গুরুত্বপূর্ণ এসব বিষয় নিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া যেতে পারে। চাইলে নারীর অধিকার ও লিঙ্গসমতার অগ্রগতি নিয়েও আলোচনা করা যায়।

সব মিলিয়ে, সেডি হকিন্স ডে-র বার্তা সহজ, পছন্দের মানুষকে মনের কথা জানাতে প্রথম পদক্ষেপটি মেয়েরাও নিতে পারেন। প্রেমের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে লজ্জা বা অপেক্ষার কোনও বাঁধাধরা নিয়ম নেই!