‘এবং বই’ বুক রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

‘এবং বই’ আয়োজিত বুক রিভিউ প্রতিযোগিতা-২০২৬ দ্বিতীয় আসরে ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে। শনিবার বিকেলে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এবার প্রতিযোগিতার জন্য লেখক ও বিজ্ঞানী আশরাফ আহমেদের দুটি বই 'বাংলা সাহিত্যের প্রথম কল্পবিজ্ঞান লেখক বেগম রোকেয়া' ও 'আলো ছায়ার খেলা' নির্বাচন করা হয়। দুই বিভাগে পাঁচজন করে মোট ১০ জন সেরা গ্রন্থ সমালোচক নির্বাচিত হন।

প্রবন্ধ বিভাগে প্রথম হয়েছেন মামুন কবীর, দ্বিতীয় মো. শাহেরীন আরাফাত এবং তৃতীয় মারুফ ইসলাম। বিশেষ পুরস্কার পেয়েছেন মাকসুদা আক্তার ও সঞ্জয় দেওয়ান। উপন্যাস বিভাগে প্রথম আলী আহসান, দ্বিতীয় মুহাম্মদ ফরিদ হাসান এবং তৃতীয় নাছরিন জাহান। বিশেষ পুরস্কার পেয়েছেন মো. জাহিদ হাসান ও জোবায়ের মিলন।

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিজয়ীরা যথাক্রমে ১০ হাজার, ৫ হাজার ও ৩ হাজার টাকা পেয়েছেন। বিশেষ পুরস্কারপ্রাপ্তরা পেয়েছেন ২ হাজার টাকা করে। প্রত্যেক বিজয়ীকে দেওয়া হয়েছে ১ হাজার টাকা সমমূল্যের বই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক আহমদ বশীর। সঞ্চালনা করেন ‘এবং বই’-এর সম্পাদক ফয়সাল আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও অনুবাদক ফারুক মঈনউদ্দীন, কথাসাহিত্যিক মনি হায়দার এবং কবি ও প্রাবন্ধিক আলমগীর খান।